ওয়েডসন-এমেকায় ছুটছে জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চার ম্যাচে ৪ গোল করলাম। কিন্তু মিস তো করলাম আটটি!’
ওয়েডসন আনসেলমের মুখে কষ্টের হাসি। শেখ জামাল ধানমন্ডির জার্সিতে গত বছর ২৬ গোল করে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। একই দলের হয়ে এবার লিগে প্রথম চার ম্যাচে ৪ গোল। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে হাইতির ফরোয়ার্ডের চোখে-মুখে তবু অতৃপ্তির ছায়াই বেশি দেখা গেল।
প্রথম তিন ম্যাচে ২ গোল। চট্টগ্রাম আবাহনীর সঙ্গে কাল শেখ জামালের ৪-০ ব্যবধানের জয়ে ওয়েডসনের গোল দুটি। তবে পেতে পারতেন অন্তত ৫ গোল। বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করে যেন ক্ষমা করতে পারছিলেন না নিজেকেই।
আক্রমণে ওয়েডসনের সঙ্গী এমেকা ডার্লিংটনেরও চার ম্যাচে ৪ গোল। শেখ জামাল প্রথম চার ম্যাচেই জয় তুলে গোল করেছে ১২টি। ৮ গোলই এ দুজনের। ল্যান্ডিংয়ের গোল দুটি। আক্রমণে এই ত্রিফলা গোলের মধ্যে থাকায় শেখ জামালকেও জয়ের ব্যাপারে তেমন ভাবতে হয়নি প্রথম চার ম্যাচে।
কিন্তু টানা জিতলেও চ্যাম্পিয়নদের খেলায় ধারাবাহিকতার অভাব। ওঠা-নামা করছে তাদের পারফরম্যান্স। কখনো গতি আর ছন্দে দুর্বার। কখনো সাদামাটা। দুই অর্ধে শেখ জামালকে দেখা যাচ্ছে দুই রকম। আগের ম্যাচে প্রথমার্ধে ২ গোল পেয়ে দ্বিতীয়ার্ধে গোল নেই। কাল প্রথমার্ধে গোলবিহীন। দ্বিতীয়ার্ধে ৪ গোল। এই অর্ধের সঙ্গে প্রথমার্ধের শেখ জামালের ব্যবধান বিস্তর।
উইং ব্যবহার করে বক্সে ক্রসে তোলার পরিকল্পনা এদিন ফলপ্রসূ হয়নি প্রথমার্ধে। মাঝখান দিয়েই বেশি যাচ্ছিলেন মামুনুলরা। ফলে পরিকল্পনায় গড়বড় হয়ে যায় এবং গোলমুখ খুলতে পারছিলেন না তাঁরা। তবে দ্বিতীয়ার্ধে উইং প্লে দারুণ হচ্ছিল এবং ক্লান্ত চট্টগ্রাম আবাহনী আর পারল না।
আগের তিন ম্যাচেই হেরে যাওয়া দলটির রক্ষণ খেই হারানোয় সহজেই গোল পেয়েছেন ওয়েডসনরা। গত মৌসুমে স্বদেশি সনি নর্দেকে পাশে পেয়েছিলেন শেখ জামালের ‘নাম্বার টেন’ ওয়েডসন। এবার এমেকা ডার্লিংটন আর ল্যান্ডিংয়ের রসায়ন খারাপ হচ্ছে না ঠিকই। তবে সনির পাশে ওয়েডসন যতটা সাবলীল ছিলেন, এবার তা নয়।
তবু দুর্বল প্রতিপক্ষের সামনে এই খেলোয়াড়েরা বরাবর ‘বাঘ’। সেই ‘বাঘ’ শিকার ধরেছে দ্বিতীয়ার্ধে নেমেই। ৫০ মিনিটে ল্যান্ডিংয়ের ক্রস, ডার্লিংটনের বুক দিয়ে নামিয়ে দেওয়া এবং তাতে ওয়েডসনের আলতো টোকায় জালে বল পাঠানো—সবই হলো মাপা ছকে। মিনিট দশেক পরই লিংকনের ক্রস থেকে ওয়েডসনের শটে ২-০। ৭৬ ও ৭৮ মিনিটে ব্যবধান বাড়িয়ে নিলেন ডার্লিংটন।
আপাতত ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ জামাল। তাদের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে তিন ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া মুক্তিযোদ্ধা। এটি জানেন জামালের কোচ মারুফুল হক, ‘এক দিনের রাজা হয়ে তো লাভ নেই। কালই (আজ) শীর্ষস্থানে ভাগ বসাতে পারে অন্য দল।’
শেখ রাসেল-মুক্তিযোদ্ধা আজকের লড়াইটা তাই গুরুত্বপূর্ণ।