ওয়েম্বলি হবে টটেনহামের 'ঘরের মাঠ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৭-১৮ মৌসুমে নিজের মাঠের সবগুলো ম্যাচ টটেনহাম খেলবে ওয়েম্বলি স্টেডিয়ামে। ছবি-গার্ডিয়ান
২০১৭-১৮ মৌসুমে নিজের মাঠের সবগুলো ম্যাচ টটেনহাম খেলবে ওয়েম্বলি স্টেডিয়ামে। ছবি-গার্ডিয়ান

হোয়াইট হার্ট লেনে নতুন স্টেডিয়াম তৈরির কাজ চলছে। যে কারণে আগামী মৌসুমে এ মাঠে কোনো ম্যাচ খেলবে না টটেনহাম। এর বদলে ২০১৭-১৮ মৌসুমে নিজের মাঠের সবগুলো ম্যাচ টটেনহাম খেলবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে। 

১৯৬৬ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুকে অস্থায়ীভাবে নিজেদের ‘ঘরের মাঠ’ করার কথা কাল এক বিবৃতিতে জানিয়েছেন টটেনহাম চেয়ারম্যান ড্যানিয়েল লেভি, ‘ক্লাবের ইতিহাসে এটা হবে দারুণ রোমাঞ্চকর একটা সময়। এক মৌসুমের জন্য ওয়েম্বলি আমাদের ঘরের মাঠ হবে। তারপর আমরা নিজের মাঠে ফিরে যাব, যেটা হবে ইংল্যান্ডের সবচেয়ে আধুনিক স্টেডিয়ামগুলোর একটি।’
হোয়াইট হার্ট লেনে টটেনহামের নতুন স্টেডিয়ামের ধারণক্ষমতা হবে ৬১ হাজার। এটা তৈরিতে খরচ পড়বে প্রায় ৭৫০ মিলিয়ন পাউন্ড।
এক মৌসুমের জন্য হলেও নিজের মাঠ বাদ দিয়ে অন্য মাঠে হোম ম্যাচ খেলা টটেনহামের জন্য কঠিন হতে পারে বলে মনে করছেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার, ‘যত যাই হোক, অন্য একটা স্টেডিয়ামের সঙ্গে মানিয়ে নেওয়া একটু কঠিনই। ওটা তো আর নিজের মাঠ নয়।’ বিবিসি।