ওয়েম্বলিতেই রুনির ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেনাল্টি স্পটের দিকে যখন এগিয়ে গেলেন, ৭৫ হাজার দর্শকের ওয়েম্বলিতে শ্বাস রোধ করা নীরবতা। সুইস গোলরক্ষক জোরালো কিকটিতে হাতও লাগিয়ে ফেলেছিলেন, কিন্তু লাভ হলো না। বলটা জালে জড়িয়ে যেতেই ওয়েম্বলি ভেসে গেল উল্লাসধ্বনিতে। ওয়েইন রুনি তখন মুখ দিয়ে নিজের দুই হাত ঢেকে ফেলেছেন। এমন মাহেন্দ্রক্ষণে একটু আবেগে ভেসে যাওয়ায় দোষের কিছু নেই। এ যে ৪৫ বছরের পুরোনো রেকর্ড ঘরের মাঠে ভাঙার কীর্তি! স্যার ববি চার্লটনকে ছাড়িয়ে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার মুকুটটা এখন রুনির।
ম্যাচ শেষে যখন স্টেডিয়াম ছেড়ে যাচ্ছেন, তখনো তাঁর চোখের কোণে চিকচিক করছে জল। পরশু রুনির এই পেনাল্টি গোলের আগে হ্যারি কেনের গোল মিলিয়ে সুইজারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। আগের ম্যাচেই ইউরো বাছাইপর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় ইংল্যান্ডের এ ম্যাচে রুনির কীর্তিটাই উদ্যাপিত হয়েছে বেশি। রুনি সবচেয়ে বড় উপহারটা পেয়েছেন ড্রেসিংরুমে গিয়ে। ইংল্যান্ড সতীর্থদের হর্ষধ্বনির মধ্যেই কোচ রয় হজসন বিশেষ একটা জার্সি তুলে দেন তাঁর হাতে। তাতে লেখা ‘৫০’—ববি চার্লটনের ৪৯ ছাড়ানো সংখ্যাটি রুনির বর্তমান গোলসংখ্যা। ড্রেসিংরুমেই সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক, নতুনদের দিয়েছেন উৎসাহ।

.
.
চার্লটনের অভিনন্দন
রেকর্ড ভেঙে যাওয়াটা ছিল শুধু সময়ের ব্যাপার। পরশু যাঁর রেকর্ডটা ওয়েইন রুনি ভাঙলেন, সেই স্যার ববি চার্লটন শুধু দেশের নয়, ক্লাবেরও পূর্বসূরি। ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার ব্যাটনটা রুনির হাতে দেখতে পারাটাই এখন আনন্দ দিচ্ছে চার্লটনকে, ‘আমি রুনিকে অভিনন্দন জানাচ্ছি, এই রেকর্ডটা ধরে রাখতে পেরে আমি সব সময়ই ভীষণ গর্বিত ছিলাম। নিজ দেশের হয়ে খেলাটা সব সময়ই একটা সৌভাগ্যের ব্যাপার। আমি অস্বীকার করছি না, আমি কিছুটা হতাশ; আবার খুব আনন্দিতও, আমার প্রিয় ক্লাব ও দেশের অধিনায়ক ওয়েইন এখন সেটি নিজের করে নিয়েছে। আমি জানি, সে অনেক দিন এই রেকর্ডটা নিজের কাছে রাখবে।’ মেইল অনলাইন।

দেশের হয়ে তাঁর অসাধারণ এই অর্জনের মুহূর্তটি যে এত দ্রুত চলে আসবে, ভাবতে পারেননি রুনি, ‘মনে হচ্ছে যেন স্বপ্ন সত্যি হলো। আমি একটু আবেগাপ্লুতই হয়ে পড়েছিলাম। বিশাল এক সম্মান এটা, আমি খুবই গর্বিত। আমি জানতাম, এটা অনেক বড় এক মুহূর্ত। কখনোই ভাবিনি ৩০-এর আগেই আমি এটা করে ফেলব।’
চার্লটন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি গড়েছিলেন ৩৩ বছর বয়সে, রুনি সেটি ছাড়িয়ে গেলেন ২৯ বছর বয়সেই। তবে দুটি জায়গাতে পূর্বসূরি ও উত্তরসূরি মিলে গেছেন। চার্লটন ১২ বছরে ১০৬ ম্যাচে করেছিলেন রেকর্ডটা, রুনিও ঠিক একই সময় নিয়ে ম্যাচ খেলেছেন মাত্র একটি বেশি। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার ঔজ্জ্বল্যে পরশু অবশ্য রুনির আরও কিছু অর্জন চাপা পড়ে গেছে। দেশ ও ক্লাবের হয়ে ৩০০ গোলের মাইলফলকও ছুঁয়েছেন, বিশ্বযুদ্ধের পর প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে গোল পেয়েছেন টানা সাতটি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে। ইংল্যান্ডের হয়ে এই যে এত এত গোল পাচ্ছেন, সে জন্য কোচ হজসনের কাছে কৃতজ্ঞ ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার, ‘২০০৯-১০ মৌসুমে প্রায় এক বছর ইংল্যান্ডের হয়ে আমি গোল পাইনি। রয় (হজসন) আসার পর অনেক গোল পেয়েছি। আমি তাঁর কাছে কৃতজ্ঞ, আমাকে স্বাধীনভাবে খেলার সুযোগ করে দিয়েছেন তিনি।’
হজসন জানেন, রুনি এখানেই থামবেন না। ইংল্যান্ড কোচ পরোক্ষে অধিনায়কের কাছ থেকে আরও বড় কিছু পাওয়ারই আশা করছেন, ‘২০১৮ পর্যন্ত খেললেও অন্তত ২০-৩০টি ম্যাচ আছে। এভাবে খেললে সে আরও ১০-১৫টি গোল তো করবেই। তবে আমার মনে হয় এখন একটা টুর্নামেন্ট জয় বা বড় আসরে কিছু গোল করাই ওর লক্ষ্য।’
বড় কোনো টুর্নামেন্ট জিততে না-পারার আক্ষেপ বয়ে বেড়াচ্ছেন এক যুগ ধরে। এটি নিয়ে নিশ্চয়ই ক্যারিয়ার শেষ করতে চাইবেন না রুনি? এএফপি, গার্ডিয়ান।