ওয়েলস থেকে স্বপ্ন এঁকে

রিজওয়ান আহমেদ চারদিকে তাকাচ্ছেন কৌতূহলী চোখে। আকমল আলীও তাই। দুজনই বাফুফে ভবনে প্রথম এলেন কাল। বাংলাদেশ জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে ট্রায়াল দিতেই তাঁদের আগমন। গ্যারেথ বেলের দেশ ওয়েলস থেকে উড়ে এসেছেন ২০ বছর বয়সী সপ্রতিভ দুই তরুণ। ট্রায়ালে টিকবেন বলেই আশা দুজনের।
সাম্প্রতিক সময়ে বেশ কিছু বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী তরুণ এমন স্বপ্ন নিয়েই ঢাকায় এসেছেন। ডেনমার্কপ্রবাসী জামাল ভূঁইয়া, যুক্তরাষ্ট্র থেকে ফারহান খান, অস্ট্রেলিয়ার আনন্দ রহমান, জার্মানির রিয়াসাতের নাম উল্লেখযোগ্য। টিকেছেন শুধু জামাল। জামালই এখন প্রবাসী ফুটবলারদের কাছে বড় প্রেরণা।
তবে দুই তরুণের মনে লাল-সবুজ জার্সির আকাঙ্ক্ষার বীজটা প্রথম বুনেছেন পাকিস্তানি বংশোদ্ভূত ফুটবলার আতিফ বসু, যিনি খেলেছেন পাকিস্তান জাতীয় দলে। তাঁর সঙ্গে গত বছর ওয়েলস ডিভিশন-টুর দল ডিনাস পয়েসে খেলার অভিজ্ঞতা আছে রিজওয়ান-আকমলের। আতিফ নাকি বলেছিলেন, ‘তোমরাও চেষ্টা করো জাতীয় দলে খেলতে।’
হিসাববিজ্ঞানের ছাত্র রিজওয়ান বাংলাদেশ দলে খেলার স্বপ্নে বিভোর, ‘জাতীয় দলে খেলার গর্বই আলাদা। সেটির অংশীদার হতেই চলে এলাম।’ আর্সেনালের পাঁড় ভক্ত আকমলের সংযোজন, ‘বিদেশে বসে আমরা তো শুধু বাংলাদেশের ক্রিকেটের কথা শুনি, আমরা চাই ফুটবলেও যেন বাংলাদেশকে মানুষ চেনে।’
দুজনই এসেছেন জাতীয় দলে ট্রায়াল দিতে, কিন্তু ১৩ আগস্ট প্রিমিয়ার লিগ শেষ হওয়ার আগে জাতীয় দলের অনুশীলন শুরু হবে না। তাঁরা ফিরে যাবেন ৮ আগস্ট। তাই অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে রেখেই আপাতত দুজনকে দেখবেন কোচ সাইফুল বারী। সাইফুলের পছন্দ হলে প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ ঢাকায় ফিরলে আবার তাঁরা ডাক পাবেন।
দ্বিতীয়বার বাংলাদেশে এলেন আকমল। রিজওয়ান চতুর্থবার। সিলেট শহরে কাছাকাছি দূরত্বে পৈতৃক বাড়ি দুজনের। বাবা-মা একসময় ওয়েলসে পাড়ি জমান। সেখানেই দুজনের জন্ম—একই পাড়ায় কেটেছে শৈশব-কৈশোর। রবার্তো কার্লোসের ভক্ত রিজওয়ান লেফটব্যাকে খেলেন, মেসিকে আদর্শ মেনে বেড়ে ওঠা রাইটব্যাক আকমল ওয়েলস অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন।
রিজওয়ান-আকমল একসঙ্গে পাড়ি দিতে চান লম্বা পথ। সেই রোমাঞ্চটা ধরা পড়ছিল তাঁদের চোখেমুখে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, জামাল ভূঁইয়ার মতো বাংলাদেশ দলে জায়গা করে নিতে পারবেন এই দুই প্রবাসী তরুণ?