ওয়েলসের রাত ইতিহাসের রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েলসের ফুটবলে সবচেয়ে দামি ছবি। প্রথমবারের মতো ইউরোতে এসেই দেশকে সেমিফাইনালে নিয়ে গেলেন বেলরা! সেই আনন্দে মাঠেই কিছুক্ষণ চলল এই ‘স্লাইডিং’ উদ্‌যাপন। পরশু লিলে বেলজিয়ামের বিপক্ষে ওয়েলসের জয়ের পর l রয়টার্স
ওয়েলসের ফুটবলে সবচেয়ে দামি ছবি। প্রথমবারের মতো ইউরোতে এসেই দেশকে সেমিফাইনালে নিয়ে গেলেন বেলরা! সেই আনন্দে মাঠেই কিছুক্ষণ চলল এই ‘স্লাইডিং’ উদ্‌যাপন। পরশু লিলে বেলজিয়ামের বিপক্ষে ওয়েলসের জয়ের পর l রয়টার্স

ইয়ান রাশ-মার্ক হিউজরা পারেননি। পারেননি রায়ান গিগসরাও। ওয়েলস ফুটবলারদের কয়েকটা প্রজন্ম শুধু স্বপ্নই দেখেছেন দেশের হয়ে বড় মঞ্চে খেলার, সেটি তাঁদের জীবনে সত্যি হয়নি। পূর্বসূরিরা ১৯৫৮ বিশ্বকাপে খেলেছেন, সেই গল্প শুনে শুনেই তাঁদেরও ‘সাবেক’ হয়ে যেতে হয়েছে। কেটে গেছে দীর্ঘ ৫৮ বছর!
এবার বাছাইপর্ব পেরিয়ে যখন প্রথমবারের মতো ইউরোতে সুযোগ মিলল, সেটিই তাই স্বপ্নের মতো ব্যাপার হয়ে এসেছিল এই প্রজন্মের ওয়েলস ফুটবলারদের কাছে। কিন্তু গ্যারেথ বেল-অ্যারন রামসেরা যে সেই স্বপ্নকেও ছাড়িয়ে যাবেন, তা কে জানত! গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে, সেখানে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল। আর পরশু রাতে শেষ আটের ম্যাচে বেলজিয়ামকে ৩-১ গোলে উড়িয়ে দেওয়া জয়টা তো ওয়েলসের ফুটবল ইতিহাসই লিখল নতুন করে। প্রথমবারের মতো বড় কোনো আসরের সেমিফাইনাল! দেশটির ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন, পরের প্রজন্মকে গল্প করার নতুন খোরাকও দিলেন বেলরা।
উচ্ছ্বাস কত বেশি, সেটি বোঝা যাচ্ছিল এই ম্যাচ শেষে বেল-রামসেদের উদ্যাপনেই। শেষ বাঁশির পর আনন্দে আত্মহারা হয়ে উঠল ওয়েলসের পুরো ডাগ-আউট। মাঠে খেলোয়াড়েরা কেউ নাচছেন, কেউ গান গাইছেন। সবাই একসঙ্গে হাত ধরাধরি করে মাঠে গড়িয়েও নিলেন একবার।
খেলোয়াড়দের চেয়ে উচ্ছ্বাস কম ছিল না ক্রিস কোলম্যানেরও। আবেগ লুকানোর কোনো চেষ্টাই করেননি ওয়েলসের কোচ, ‘এমন রাত শুধু স্বপ্নেই দেখা যায়। কিন্তু আপনি জানেন না, সত্যিই এমন কিছুর অভিজ্ঞতা হবে কি না। যখন সত্যিই সেই অভিজ্ঞতা হয়, সেটাকে মনে হয় অবিশ্বাস্য বাস্তব। আমাদেরও সে রকম লাগছে এখন।’
শুধু কি কোচ, উচ্ছ্বসিত দেশের সাবেক খেলোয়াড়েরাও। তাঁদেরই একজন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রায়ান গিগস। ১৯৯১ থেকে ২০০৭ পর্যন্ত দেশের হয়ে ৬৪ ম্যাচ খেলেছেন গিগস, দীর্ঘদিন নেতৃত্বও দিয়েছেন দেশকে। কিন্তু বড় মঞ্চে দেশের জার্সি গায়ে নামার স্বপ্নটা স্বপ্নই থেকে গেছে। নিজেরা যেটি করতে পারেননি, উত্তরসূরিদের সেই কীর্তি গড়তে দেখে আনন্দে উদ্বেল গিগস, ‘আমি দারুণ গর্বিত। সন্দেহাতীতভাবে এটি ওয়েলসের ফুটবল ইতিহাসে সেরা রাত, সেরা ফল এবং সেরা পারফরম্যান্স। ফিফা র্যা ঙ্কিংয়ে ২ নম্বরে থাকা দলটিকে এমন সাধারণ বানিয়ে এত সহজেই ম্যাচ জেতা অসাধারণ ব্যাপার।’
সেই ১৯৫৮ সালে বিশ্বকাপে সুযোগ পেয়ে প্রথমবারই কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল ওয়েলস। কিন্তু ব্রাজিলের বিপক্ষে সেই ম্যাচে তাদের স্বপ্নযাত্রা থেমেছিল কিংবদন্তি পেলের একমাত্র গোলে।
এবার ইউরোর সেমিফাইনালে ওয়েলস খেলবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে। আবার কেউ ‘পেলে’ হয়ে এসে থামিয়ে দেবেন না তো ওয়েলসের এই স্বপ্নযাত্রা? নাকি আরও বড় কোনো চমক উপহার দেবেন বেল-রামসেরা? এএফপি, রয়টার্স।