ঔদ্ধত্যে গ্লানি নেই রোনালদোর

নিজেকে যে সেরা মনে করেন, সেটা আগে সোজাসাপটাই জানিয়েছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদোর শরীরী ভাষাটা সব সময়ই জানিয়ে দেয়, বাকিদের চেয়ে তিনি আলাদা। এবার এল মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারেও বললেন, ‘ঔদ্ধত্যকেই’ নিজের সবচেয়ে বড় সম্পদ মনে করেন।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, নিজেকে সেরা ভাবতে তাঁর মনের মধ্যে কোনো কুণ্ঠা নেই। সিআর-৭-এর মতে, সবারই সে রকম মনে করা উচিত। রোনালদোকে ‘উদ্ধত, দুর্বিনীত’ বলার লোকের অভাব নেই। তবে রিয়াল ফরোয়ার্ডের এটি নিয়ে তো গ্লানি নেই-ই, নিজের বড় একটা সম্পদই মানছেন, ‘অনেকেই আমাকে ঘৃণা করে। আমি উদ্ধত, এ রকমও বলে। তবে এটা আমার সাফল্যের অংশই। আমি সেরা হওয়ার জন্যই জন্মেছি। আমি এ রকমই। আর ফুটবল থেকে এ পর্যন্ত যা পেয়েছি, সেটাও এই কারণে। এবং আমি এ রকমই হতে চাই। আমি নিজের বিবেকের কাছে স্বচ্ছ থেকে প্রতি রাতে ঘুমাতে যাই।’
কিন্তু খেলোয়াড় হিসেবে এত সব অর্জন কি নিজের এই ঔদ্ধত্যের কারণে ম্লান হয়ে যাচ্ছে না? জনপ্রিয়তায় কি একটু হলেও ভাটা পড়ছে না? রোনালদোর ব্যাখ্যা, ‘মানুষ কী ভাবে সেটা নিয়ে পড়ে থাকলে আপনার চলবে না। আপনি এভাবে বাঁচতেও পারবেন না। ঈশ্বরও সবাইকে সন্তুষ্ট করতে পারেন না।’ তবে এটা আবার মানেন যে মানুষ হিসেবে অনেকটাই বদলে গেছেন, ‘মানুষের পাশে দাঁড়াতে পারলে আমার ভালো লাগে। আমি জানি, ঈশ্বর আমাকে এর দ্বিগুণ দেবেন। বাবা হওয়ার পর জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গিও অনেকটাই বদলে গেছে।’
দলীয় অর্জনের দিক থেকে ২০১৫ সালটা ঠিক ভালো যায়নি। বছরের শুরুতে ব্যালন ডি’অর পেলেও দলের হয়ে আর কোনো শিরোপার দেখা পাননি। ২০১৫ সালে ৫৭ গোল করেছেন, বছরে সবচেয়ে বেশি। ৩০ পেরোনো বয়সেও দেশ ও ক্লাবের হয়ে কীভাবে এত চাপ সামলাতে পারছেন? রোনালদো নিজের ছেলেবেলায় ফিরে গেলেন, ‘জীবনে যে সংগ্রাম করেছি, তার জন্যই আমি চাপটা ভালোভাবে সামলাতে পারি। বড় একটা সময় পরিবার থেকে দূরে কাটিয়েছি, ১১ বছর বয়স থেকে নিজের কাপড় নিজে ইস্ত্রি করতাম। আমার মানসিক শক্তি এখান থেকেই আসে।’ ইএসপিএন, এএস।