কখনো কোচ হবেন না রোনালদিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিয়েগো ম্যারাডোনা ভালোই টের পেয়েছেন! সর্বশেষ ফিফা বর্ষসেরা পুরস্কারের রাতে সেই উপলব্ধির কথা সবার সঙ্গে ভাগও করে নিয়েছেন। কোচদের জীবন কত কঠিন, তা আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পরই নাকি বুঝতে পেরেছেন। রোনালদিনহো এই বোঝাবুঝির মধ্যেই যেতে চান না। কখনো কোচই হবেন না ব্রাজিল ও বার্সেলোনার সাবেক এই প্লেমেকার।
মাঠে ৯০ মিনিটে অসম্ভব সব কারিকুরি করে যেতেন অবলীলায়। জাদুকরি ফুটবল খেলে মোহিত করে রাখতেন সবাইকে। ফুটবলে ‘নো-লুক’ পাসের আমদানিও করেছেন পিএসজির সাবেক তারকা। তবে ৯০ মিনিট ধরে খেলা দেখা, ডাগআউটে দাঁড়িয়ে খেলোয়াড়দের নির্দেশনা দেওয়া—এটা কোনোভাবেই সম্ভব নয় রোনালদিনহোর পক্ষে। এমনকি সাবেক দলের খেলা দর্শক হিসেবেও টানা ৯০ মিনিট দেখতে পারেন না। রোনালদিনহোর স্নায়ু নাকি এই চাপ নিতে পারে না, ‘আমি ৯০ মিনিট দেখতে পারি না। আমি সেরা মুহূর্ত আর গোলগুলো দেখতে পছন্দ করি। এই কারণেই আমি কখনো কোচ হব না।’
পিএসজি দিয়ে ইউরোপের ফুটবলে আবির্ভাব রোনালদিনহোর। পূর্ণ বিকশিত হয়েছেন বার্সেলোনাতেই। স্পেনের এই ক্লাবটিতে খেলার সময়ই দুবার বর্ষসেরার পুরস্কার জেতেন। তবে রোনালদিনহোর হৃদয়ে পিএসজি আছে অন্য রকম এক জায়গা নিয়ে, ‘এই ক্লাবকে আমি খুব ভালোবাসি। আমি জানি না এখানকার লোকেরা আমাকে এত ভালো কেন বাসে। এগুলো দেখলে আমি ভাষা হারিয়ে ফেলি। আমি পিএসজির ছেলে। এখানে আসার পরই ইউরোপের দরজা খুলে যায় আমার।’ গোলডটকম।