কখনো কোচ হবেন না

চোটের কারণে ম্যাচের ২৫ মিনিটেই মাঠ থেকে উঠে যেতে হয়েছিল। কিন্তু বাকি সময়টা ক্রিস্টিয়ানো রোনালদো ডাগআউটেই ছিলেন এবং বলতে গেলে কোচের ভূমিকা নিয়ে সতীর্থদের এটা-ওটা নির্দেশনা দিয়েছেন। ঘটনাটা গত বছর ইউরোর ফাইনালে ফ্রান্সের বিপক্ষে। যে ফাইনাল পরে ১-০ গোলে জেতে পর্তুগাল। ওই ম্যাচ দেখেই মনে হয়েছিল, কোচ হলেও খারাপ করবেন না রোনালদো। কিন্তু পর্তুগিজ উইঙ্গারের যে কোচ হওয়ার ইচ্ছাই নেই!
অবসরের পর কী করবেন? সম্প্রতি এমন একটা প্রশ্ন রোনালদোকে করা হয়েছিল নাইকির এক সাক্ষাৎকারে। সেই প্রশ্নের উত্তরেই রোনালদো বলেছেন, ‘কী করব সেটা আমি এখনো জানি না। আমি ভবিষ্যৎ নিয়ে ভাবি না। আমি বর্তমান নিয়ে বাঁচি। তবে এখন পর্যন্ত এটুকু বলতে পারি, নিজেকে আমি ভবিষ্যৎ কোচ হিসেবে কল্পনা করি না। আমি বর্তমানটা উপভোগ করতে চাই।’
সেটা রোনালদো করতেই পারেন। এই তো কয়েক দিন আগে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ‘দ্য বেস্ট’ জিতেছেন। এরপর পেয়েছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) ২০১৬ সালের বর্ষসেরা গোলদাতার পুরস্কারও। গত বছর ক্লাব ও দেশের হয়ে ৫৭ ম্যাচে ৫৫ গোল করেছিলেন রোনালদো।
এ নিয়ে তৃতীয়বার আইএফএফএইচএসের বর্ষসেরা গোলদাতা হলেন পর্তুগিজ উইঙ্গার। ডেইলি মেইল।