গত অক্টোবরে ভুটানের কাছে হারের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ জাতীয় দল। অনূর্ধ্ব-২৩ দলেরও কোনো ব্যস্ততা ছিল না এত দিন। এই দল সর্বশেষ আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছিল গত বছর দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে। তবে এই দলের সামনে এসেছে আরেকটি নতুন চ্যালেঞ্জ—আগামী এপ্রিলেই এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশের যুবারা। ১৭-২৩ জুলাই ফিলিস্তিনে হবে বাংলাদেশের গ্রুপের ম্যাচগুলো।
এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বেশ কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। গতকাল কুয়ালালামপুরে হয়েছে এই প্রতিযোগিতার ড্র। ‘ই’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী জর্ডান, তাজিকিস্তান ও ফিলিস্তিন। ১৯ জুলাই বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ জর্ডান। ২১ জুলাই তাজিকিস্তান ও ২৩ জুলাই খেলবে ফিলিস্তিনের বিপক্ষে।
১০ গ্রুপে হবে বাছাইপর্ব। গ্রুপ চ্যাম্পিয়ন ১০ দলের পাশাপাশি সেরা পাঁচটি রানার্সআপ দল সুযোগ পাবে চূড়ান্ত পর্বে। বাছাইপর্বে খেললেও সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে স্বাগতিক চীন। চীন যদি গ্রুপ চ্যাম্পিয়ন বা সেরা রানার্সআপ হয়, সে ক্ষেত্রে তাদের বদলে ষষ্ঠ সেরা রানার্সআপ দল সুযোগ পাবে চূড়ান্ত পর্বে। চীনে চূড়ান্ত পর্ব হবে আগামী বছর জানুয়ারিতে।