কঠিন রাস্তায় স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দলে পরশু প্রতিপক্ষ হয়ে খেললেও ক্লাবে তো তাঁরা সতীর্থ। স্পেনকে হারানোর পর বার্সেলোনা সতীর্থ জেরার্ড পিকেকে কি সান্ত্বনা দিচ্ছেন ক্রোয়েশিয়ার ইভান রাকিটিচ? l রয়টার্স
জাতীয় দলে পরশু প্রতিপক্ষ হয়ে খেললেও ক্লাবে তো তাঁরা সতীর্থ। স্পেনকে হারানোর পর বার্সেলোনা সতীর্থ জেরার্ড পিকেকে কি সান্ত্বনা দিচ্ছেন ক্রোয়েশিয়ার ইভান রাকিটিচ? l রয়টার্স

এ ম্যাচ নিয়ে ইভান রাকিটিচ নিজেও খুব আশাবাদী ছিলেন না। স্পেনের অনেক খেলোয়াড়ই তাঁর ক্লাব-সতীর্থ। ম্যাচের আগে তাই হালকা মজা করেছিলেন, ‘আশা করি, মাঠে ইনিয়েস্তা ও বুসকেটস বিভ্রান্ত হয়ে আমাকে দিয়ে গোল করিয়ে দেবে।’ আন্দ্রেস ইনিয়েস্তা ও সার্জিও বুসকেটসকে এতটা দরাজ হতে হয়নি। স্পেনকে ২-১ গোলে হারাতে রাকিটিচের ক্রোয়েশিয়ান সতীর্থরাই যথেষ্ট ছিলেন।
ম্যাচের শুরুতে অবশ্য পাসিং ফুটবলের শৈল্পিক পসরার সঙ্গে গতির মিশেলে অন্য ইঙ্গিতই দিয়েছিল স্পেন। মাত্র ৭ মিনিটেই আলভারো মোরাতার গোল। কিন্তু চাপের মুখেও দমে যায়নি ক্রোয়েশিয়া। উল্টো প্রেসিং ফুটবল দিয়ে স্পেনকে ভয়ও দেখাচ্ছিল তারা। ৪৫ মিনিটে নিকোলা কালিনিচের গোলে ম্যাচে ফেরে ক্রোয়েশিয়া। আর ৮৭ মিনিটে দুর্দান্ত এক পাল্টা আক্রমণে ইভান পেরিসিচের গোলে ম্যাচই জিতে নেয় ক্রোয়াটরা।
স্পেন দুষতে পারে নিজেদেরই, বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া হয়েছে। ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে পারেননি অধিনায়ক সার্জিও রামোস। তিনি কেন পেনাল্টি নিতে গেলেন, সেটিই সবচেয়ে বিস্ময়ের। কোচ ভিসেন্তে দেল বস্ক অবশ্য জানালেন, সবচেয়ে আত্মবিশ্বাসী খেলোয়াড়কেই শটটি নিতে পাঠিয়েছিলেন তাঁরা।
রামোসের এই ব্যর্থতায় ‘ডি’ গ্রুপ থেকে রানার্সআপ হতে হয়েছে স্পেনকে। শেষ ষোলোয় প্রতিপক্ষ তাই ইতালি। এ বাধা পেরোলে কোয়ার্টার ফাইনালের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জার্মানি। সেমিফাইনালে আবার ফ্রান্স কিংবা ইংল্যান্ড! অথচ ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করতে পারলেই সেমিফাইনাল পর্যন্ত সহজতর প্রতিপক্ষ পেত স্পেন। রামোসও সেটি জানেন, ‘এখন আমাদের অনেক কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলতে হবে। এ ম্যাচ থেকেই শিক্ষা নিতে হবে, যাতে এ রকম কিছু আর না হয়। অবশ্য চ্যাম্পিয়ন হতে হলে সেরাদের হারাতেই হবে।’
ম্যাচ হারলেও রামোসের চোখে তাঁরাই এগিয়ে ছিলেন। কোচ দেল বস্কও তাই মনে করেন, ‘আমি এ পারফরম্যান্সের সাফাই গাইব না, কিন্তু আমরা খারাপ খেলিনি।’
পরশু ক্রোয়েশিয়াকে দেখে অন্য কোনো দল বলেই মনে হয়েছে। রাকিটিচের ভাষায় এটিই স্পেনকে হারানোর উপায়, ‘বিশ্বসেরা দলের সঙ্গে খেলতে গেলে এভাবেই খেলতে হয়। এটা আমাদের প্রাপ্য।’
স্পেনকে হারিয়ে এবার আরও বড় কিছুর আশা করছেন রাকিটিচ, ‘আমরা এখন স্বপ্ন দেখতেই পারি। তবে আমার স্ত্রীকে এখন অনেক কিছু বোঝাতে হবে!’ তাঁর ঘরনি যে একজন স্প্যানিয়ার্ড!
দিনের অন্য ম্যাচে বুরাক ইলমাজ ও ওজান তুফানের গোলে চেক প্রজাতন্ত্রকে ২–০ গোলে হারিয়েছে তুরস্ক। এএফপি, রয়টার্স।

শেষ ষোলোয় যারা (মঙ্গলবার পর্যন্ত)
ফ্রান্স, সুইজারল্যান্ড (গ্রুপ এ), ওয়েলস, ইংল্যান্ড, স্লোভাকিয়া (গ্রুপ বি), জার্মানি, পোল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড (গ্রুপ সি), ক্রোয়েশিয়া, স্পেন (গ্রুপ ডি), ইতালি (গ্রুপ ই), হাঙ্গেরি (গ্রুপ এফ)।