কাজী সালাউদ্দিন যুগে জাতীয় ফুটবল দল সাফল্য না পেলে কী হবে, বিদেশি কোচ কিন্তু কম আসেননি। যাতে সর্বশেষ সংযোজন ইংলিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অ্যান্ড্রু ওর্ড। তাঁর পূর্বসূরিদের ঘনিষ্ঠভাবে দেখার অভিজ্ঞতা থেকে তাঁদের রেখাচিত্র এঁকেছেন মাসুদআলম

এডসন সিলভা ডিডো ২০০৮-০৯
অনাকাঙ্ক্ষিত বিদায়
দায়িত্ব নেওয়ার কিছুদিন পরই কক্সবাজারে এক মাস কন্ডিশনিং ক্যাম্প করে দারুণ উদ্দীপ্ত করেছিলেন খেলোয়াড়দের। কিন্তু এরপরই ছন্দপতন। ফ্ল্যামেঙ্গোতে জিকোর সঙ্গে খেলা এই ব্রাজিলিয়ান বিকেএসপিতে যে কঠিন অনুশীলনটা করাচ্ছিলেন, অতিরিক্ত চাপ দেওয়ায় কিছু খেলোয়াড় মানিয়ে নিতে পারেননি। তাই ক্ষুব্ধ হয়ে রজনী, আরিফ, জাহিদ, এমিলিসহ আট ফুটবলারকে ক্যাম্প ছাড়া করেন। পরে দল নির্বাচন নিয়ে বিরোধে বাফুফে তো তাঁকে বিদায়ই করে দিল।
খুব মেজাজি ছিলেন। যা মনে হয়, তা-ই বলে ফেলতেন। বাংলাদেশ থেকে চলে যাওয়ার দিন নিজের ফ্ল্যাটের নিচে গুলশানের রাস্তায় ছাপার অযোগ্য গালাগাল করে যান বাফুফের কর্তাদের। এসব একপাশে রেখে বলতেই হয়, ডিডোকে বাদ দেওয়া ছিল ভুল সিদ্ধান্ত। কারণ, তাঁর সময়ে কিছু নতুন খেলোয়াড় তৈরি হয়েছিল, এরপর যা আর সেভাবে হয়নি।
রবার্ট রুবচিচ ২০১০-১১
নিপাট ভদ্রলোক
বড় ক্লাবে খেলা রবার্ট রুবচিচ বড় মাপের কোচও ছিলেন। উজ্জীবিত বাংলাদেশ দল মিয়ানমারকে মিয়ানমারের মাটিতে ২-০ গোলে হারায় তাঁরই অধীনে। খুবই মৃদুভাষী ছিলেন এই ক্রোয়াট। বর্তমানে ইতালির বড় এক ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর রুবচিচের কথা শুনতে তাঁর মুখের কাছে কান পেতে থাকতে হতো। তাঁর শেষটা হয় অদ্ভুতভাবে। হঠাৎই এক রাতে ঢাকা ছেড়ে চলে যান। বাংলাদেশ দল নিয়ে ঝুঁকিপূর্ণ পাকিস্তানে যাবেন না বলে পালিয়ে বাঁচেন।
ভদ্রলোকের সমস্যা ছিল, ইংরেজি কম জানতেন। তবে আন্তরিক ছিলেন অনেক। কমলাপুর স্টেডিয়ামে প্রায় প্রতিদিনই দেখা যেত, প্রেসবক্সের একপাশে বসে নিচের দিকের লিগের খেলাও দেখছেন। নিজের মতোই থাকতেন। খেলোয়াড়দের মুখে শোনা, তাঁরা ডাল দিয়ে ভাত খেলে রুবচিচও তা-ই খেতেন।
নিকোলা ইলিয়েভস্কি ২০১১-১২
চমক হয়ে আসা
মেসিডোনিয়ান এই কোচের বাংলাদেশে আসাটাই ছিল চমক-জাগানিয়া। তাঁর স্বদেশি একজনের কোচ হয়ে আসার কথা ছিল, তিনি না আসায় দুই দিনের নোটিশে তড়িঘড়ি ইলিয়েভস্কিকে আনা। বাফুফের ভবনে নিচে দাঁড়িয়ে প্রায়ই কথা হতো তাঁর সঙ্গে। মনে হয়েছে কোচিং অভিজ্ঞতা ভালোই, বড় দল সামলেছেন। কিন্তু এই মানুষটা ছিলেন অস্থিরতার রোগী। হঠাৎ হয়তো ম্যাচের আধঘণ্টা আগে দুজন সিনিয়রকে বাদ দিয়ে দুজন জুনিয়র ঢুকিয়ে দিলেন। দলে পরীক্ষা-নিরীক্ষা করতেন বেশি।
জুনিয়র অনেক খেলোয়াড়কে সাফে নামিয়ে ফল পেলেন গ্রুপ থেকেই বিদায়। তাঁর পছন্দের ওই খেলোয়াড়েরা হারিয়েই গেছেন। তার মানে খেলোয়াড় চিনতে ভুল করেছেন ইলিয়েভস্কি। সাদা শার্ট পরতেন বেশি, শ্বেতশুভ্র বেশটাই ছিল তাঁর ট্রেডমার্ক। আসল জায়গায় ব্যর্থ। যদিও তিনি খুব বেশি সময় না পাওয়ার অনুযোগ জানাতে পারেন।
লোডভিক ডিক্রুইফ ২০১৩-১৬
ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়
পরিপাটি বেশভূষা, কথাবার্তা দিয়েই বেশি আকর্ষণ করতেন লোডভিক ডি ক্রুইফ। ‘সবার সঙ্গেই মিশতে হবে’ এই উপলব্ধিটা অবশ্য একটু দেরিতেই হয়েছে। একটা সময় খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ বাড়ে। খেলোয়াড়দের উজ্জীবিত করতে পারতেন। বঙ্গবন্ধু কাপের ফাইনালে পিছিয়ে পড়া বাংলাদেশ দলকে বিরতির সময় ড্রেসিংরুমে কী বলেছিলেন, তা এখনো খেলোয়াড়দের মুখে মুখে ফেরে। ‘১৬ কোটি মানুষের হাসি না কান্না দেখবে তোমরা’ বলে তাতিয়ে তুলেছিলেন সবাইকে। মামুনুলরা ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত অবশ্য চ্যাম্পিয়ন হতে পারেননি।
ক্রুইফ ছোট ছোট পাসে খেলাতেন। একটা সময় টিমওয়ার্কও গড়ে ওঠে। কিন্তু সমস্যা হয়েছে, তাঁকে ঠিকমতো কাজে লাগানো হয়নি। বাফুফে কাজ দিতে না পারায় হল্যান্ডেই থাকতেন বেশি। বাফুফে ভবনে দাঁড়িয়ে দেশের ফুটবল নিয়ে কথা বলার চেয়ে বেতন বাকি থাকা নিয়ে অনুযোগই বেশি করতেন। বাফুফের সঙ্গে তিক্ত বিচ্ছেদের পরও নাটকীয়ভাবে আবারও সাময়িকভাবে ফিরিয়ে আনা হয়েছিল তাঁকে।
ফাবিও লোপেজ ২০১৫
তিনিও কোচ!
কীভাবে ফাবিও লোপেজকে বাংলাদেশ জাতীয় দলের কোচ করেছিল বাফুফে, তা এক রহস্যই বটে। নিয়োগ পাওয়ার পরদিন স্থানীয় এক হোটেলে তাঁর সাক্ষাৎকার নিতে গিয়ে দেখা গেল, লোকটার কথাবার্তা বারবারই লাইনচ্যুত হয়ে যাচ্ছে। ছিলেন উগ্র মেজাজি। তাজিকিস্তানের কাছে বিশ্বকাপ বাছাইপর্বে ৫ গোল খেয়ে এসে তাঁর উগ্রতার প্রমাণ মেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলনে। সেখানে গিয়ে দাঁড়াতেই ঠেলে-ধাক্কিয়ে বের করে দেন এই প্রতিবেদকসহ অন্য সাংবাদিকদের।
মাঠে খেলোয়াড়দের জায়গা বদলে খেলাতেন। মামুনুলকে তাঁর জায়গা থেকে সরিয়ে দেন। ফরোয়ার্ড কোমলকে খেলান লেফটব্যাকে। হাস্যকর সব কাণ্ড করেছেন। হাসতেন অনেক, হাসাতেনও। শারীরিক অঙ্গভঙ্গিও ছিল অদ্ভুত। কখনো কখনো জোকারের মতো লাগত। অনুশীলনে কোনো বৈচিত্র্য ছিল না। সারাক্ষণ ঘুরতে চাইতেন।
গঞ্জালো মোরেনো ২০১৬
‘বাচ্চাদের কোচ’
দুদিন আগে গঞ্জালো মোরেনোর সঙ্গে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেখা হতেই ফিসফিস করে বললেন, ‘ইয়েস, ইয়েস, ওয়ার্ক। আই ওয়ার্ক বাংলাদেশ ফুটবল ডেভেলপমেন্ট...।’ কী কাজ করেছেন, সেটি অবশ্য দৃশ্যমান নয়। কেউ কেউ মজা করে বলেন, ‘আরে, উনি তো বাচ্চাদের কোচ। অনূর্ধ্ব-১২ থেকে কোচিং করালে ঠিক আছে। জাতীয় দল নয়।’
ইউনিসেফে বড় চাকরি করা স্ত্রীর সুবাদে বাংলাদেশে এসে একটা ইংরেজি স্কুলে অনুশীলন করাতেন। সেখান থেকেই বাংলাদেশ দলের কোচ! তাঁর অধীনে বাংলাদেশ দল বিশ্বকাপ বাছাইপর্বে জর্ডানের কাছে ৮ গোল খেয়ে আসে। মোরেনোকে মাঠে আর মাঠের বাইরে একই রকম মনে হতো। খুব শান্ত। যে যা বোঝান, তাই বোঝেন। শুধু হাসেন। এমনই অনুশীলন করান ফুটবলারদের, কেউ নাকি চোট পায় না। ম্যাসাজ পর্যন্ত করাতে হয় না!
টম সেন্টফিট ২০১৬
যেনএক ‘অধ্যাপক’
বেলজিয়ান এই কোচকে প্রথম দেখেই মনে হয়েছিল বুঝি কোনো অধ্যাপক। হ্যাঁ, অধ্যাপকই বটে। বাংলাদেশ দলের খেলার ধরনটাই আমূল বদলে ফেলেন। তাঁর নির্দেশনা থাকত, রক্ষণ থেকে উড়িয়ে মারো। এভাবে খেলে মালদ্বীপের কাছে ৫ গোল খেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ে ভুটানের কাছে জাতীয় দলের বহুল আলোচিত ওই হার তো এখন জাতীয় লজ্জাই। যে ফুটবলারকে প্রশংসায় ভাসাচ্ছেন, দেখা গেল তাঁকেই বাদ দিয়ে দিয়েছেন। এবং বড় কোনো কারণ ছাড়াই!
জামাল ভূঁইয়া, মামুনুলদের বাদ দেওয়া সেটারই প্রমাণ। হাইপ্রোফাইল কোচ ঠিক আছে, কিন্তু তাঁর ম্যাচ রিডিং নিয়ে প্রশ্ন আছে অনেক। একটা ম্যাচও জেতাতে পারেননি বাংলাদেশকে। খেলোয়াড়দের ম্যাচের দিন নুডলস, পাস্তা, চিকেন খাওয়াতেন। এ দেশের ফুটবলাররা যে এতে অভ্যস্ত নন, এটা বিবেচনাতেই নেননি।
পাদটীকা
‘পাগলা’ জোরান
জোরান জর্জেভিচ ঢাকায় এসএ গেমস ফুটবলে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করিয়েছেন। পাগলাটে এক চরিত্র। হোটেল পূর্বাণীতে তাঁর সাক্ষাৎকার নিতে গিয়ে রাত দুইটা পর্যন্ত লবিতে বসে তাঁর কথা শুনতে হয়েছিল। পরে তাঁর কোচিং ক্যারিয়ারের যাবতীয় কাজগপত্র একটা ব্যাগে দিয়ে দেন জোর করে। বলে দেন, ‘দেখবেন ওগুলো!’ খেপাটে স্বভাব বাদ দিলে জোরান উজ্জীবিত করতে পারতেন ফুটবলারদের।