কতটা ক্ষোভ জমা ছিল ছেলেটির বুকে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইনালে প্রথম গোলের পর আরিফ। ছবি: বাফুফে
ফাইনালে প্রথম গোলের পর আরিফ। ছবি: বাফুফে

• চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়ে স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন হয়েছে আরামবাগ।
• ম্যাচে একটি গোল করে ম্যাচসেরা হয়েছেন আরিফ।
• মধ্যবর্তী দলবদলে চট্টগ্রাম আবাহনী থেকে আরিফ নাম লেখান আরামবাগে।


‘আরিফ কোথায়, আরিফ কোথায়!’ ম্যাচ শেষে জটলার মধ্যে গণমাধ্যমকর্মীদের হাঁকডাক। গোলদাতা হিসেবে আরিফের তো উৎসবের মধ্যেই থাকার কথা। কিন্তু না, ছেলেটি লুকিয়ে আছেন সন্ধ্যার আঁধারে ডাগ আউটের কোনায়। যেন খুঁজে নিতে একটু কষ্টই হয়!

কাছে গিয়ে অখ্যাত আরিফকে চিনতে হলো জার্সি নম্বর ৩৭ দেখে। হ্যাঁ, এই তো সেই আরামবাগের ছেলেটা। একটু আগে যিনি মাঠে ফালা ফালা করে দিয়েছেন প্রতিপক্ষের রক্ষণকে। ম্যাচে শুধু একটা গোলই করেননি ১৯ বছরের আরিফ, প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনীর কোচকে বারবার কৌশল বদলাতে বাধ্য করেছেন এই তরুণ। স্বীকৃতিস্বরূপ হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

আজ তাঁর মাঠে থাকার কথা ছিল চট্টগ্রাম আবাহনীর জার্সি গায়েই। কিন্তু দলটি তাঁকে যোগ্য মনে করেনি। তাই মধ্যবর্তী দলবদলে ক্লাব বদল করে আরামবাগে নাম লেখান আরিফ। আজ তাঁর কাছেই হেরে গেল আবাহনী। শোধ তুলতে পেরে আজ তাঁর উৎসবে ভাসার কথা ছিল। কিন্তু তা না করে শুধু জমে থাকা কষ্টের কথাগুলোই বলে গেলেন,‌ ‘চট্টগ্রাম আবাহনীতে খেলা তো দূরের কথা, প্র্যাকটিস ম্যাচে দুই দল ভাগ হয়ে খেললেও সেখানে সুযোগ পেতাম না। আসলে সবাই সেখানে সিনিয়র। তাই আমার সুযোগ হতো না। উপায় না দেখে আমি আরামবাগে চলে আসি।’

আরিফ মুখ ফুটে কিছু না বললেও চলত। পুরোনো দলের বিপক্ষে আজ প্রতিটা দৌড়ই বলে দিচ্ছিল কতটা ক্ষোভ জমা ছিল তাঁর বুকে। ৪-৩-৩ ফরমেশনের বাঁ প্রান্তে ফরোয়ার্ড হিসেবে খেললেও দৌড়ালেন টাচলাইন টু টাচলাইন। দুর্দান্ত গতির সঙ্গে বলটাও কথা শোনে কুমিল্লার ছেলেটির। বাঁ প্রান্তে কখনো ‌‘সাইড স্টেপে’, আবার কখনো ‘স্টেপ ওভারে’ অনায়াসে দুমড়ে-মুচড়ে ফেলেছে প্রতিপক্ষ রাইটব্যাককে। আরিফের সঙ্গে কুলিয়ে উঠতে না পারায় ২৮ মিনিটেই মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে চট্টগ্রাম আবাহনীর রাইটব্যাক পিন্টুকে।

পিন্টুর এভাবে উঠে যাওয়াও তো আরিফের অলিখিত বিজয়!