কথা নয় তাঁর সনে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কিছু কিছু নম্বর থেকে...আর আসবে না কোনো ফোন!’
গানের কলিটা সম্ভবত হোসে মরিনহোর জন্য সত্যি হতে যাচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেড কোচের মোবাইলে আপাতত একটা নম্বর থেকে কল আসবে না। সেটি আন্তোনিও কন্তের। অন্তত কদিন আগের ঘটনায় ক্ষমা চেয়ে তো নয়ই।
ঝামেলাটা গত রোববার চেলসি-ইউনাইটেড ম্যাচের পর। সাবেক ক্লাবের মাঠে ম্যাচটা সেদিন ৪-০ গোলে হেরে যান মরিনহো। ম্যাচের পর কন্তের কানে কানেও কিছু একটা বলেছিলেন ইউনাইটেডের পর্তুগিজ কোচ। মধু বর্ষণ যে নয়, তা বোঝাই যাচ্ছিল। পরে জানা গেল, ডাগআউটে কন্তের আবেগী উদ্যাপন, বিশেষ করে চেলসি চার গোলে এগিয়ে যাওয়ার পরও সমর্থকদের আরও জোরে চিৎকার করতে বলাটা মরিনহোর পছন্দ হয়নি। পর্তুগিজ কোচের চোখে সেটি ছিল ‘অপমানজনক’।
তবে কন্তের এ নিয়ে কিছুই যায়-আসে না। ওই ম্যাচের পর মরিনহোর সঙ্গে কথা বলেছেন কন্তে? চেলসির ইতালিয়ান কোচের উত্তর, ‘না। মনে হয় না, এর দরকার আছে।’ তবে নিজের শারীরিক দিকটা বিবেচনা করেই উদ্যাপনে আরও সংযত হওয়ার কথা ভাবছেন কন্তে, ‘(স্বাস্থ্য নিয়ে) আমি নিজেও উদ্বিগ্ন। স্বাস্থ্য ভালো রাখতে আমি দৌড়াই। এটা গুরুত্বপূর্ণ, কারণ জানি আমি একটু ঝুঁকি নিয়ে ফেলি শরীরের ব্যাপারে।’ এএফপি।