কদিন আগেও ট্রেবল জয়ের সম্ভাবনা ছিল!

কার্লো আনচেলত্তি সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছেন তাঁকে। কিন্তু কোচের অনুরোধেও মনে হয় টলছেন না ফিলিপ লাম। এ মৌসুম শেষে ৩৩ বছর বয়সেই অবসর নিয়ে নিচ্ছেন বায়ার্ন মিউনিখ ও জার্মানি কিংবদন্তি। অবসরের জন্য বয়সটা অনেক কমই, তবে জেতার মতো আর ট্রফিও যে তেমন বাকি নেই লামের। সবচেয়ে বড় শিরোপা বিশ্বকাপ জিতেছেন, ইউরোটা জিততে পারলেই পূর্ণতা পেত তাঁর ক্যারিয়ার। এত শিরোপার ভিড়ে এই অতৃপ্তিটুকু নিয়েই বিদায় নিচ্ছেন। পরশু জিতলেন তাঁর ক্যারিয়ারের শেষ ট্রফি—এবারের বুন্দেসলিগা। শিরোপা নিশ্চিত হওয়ার পরই বুন্দেসলিগাডটকমকে দেওয়া সাক্ষাৎকারে লাম কথা বললেন এই মৌসুমে বায়ার্নের প্রাপ্তি-হতাশা, তাঁর বিদায়ের ক্ষণ নিয়ে...
* এই শনিবারেই বায়ার্ন শিরোপা জিতবে, এ ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী ছিলেন?
ফিলিপ লাম: শিরোপা জেতার আগ পর্যন্ত আপনি নিজেকে কখনোই চ্যাম্পিয়ন ভাবতে পারেন না। কিন্তু আমাদের ম্যাচের কিছুক্ষণ আগে যখন লাইপজিগের ম্যাচের ফল দেখলাম, তখনই ঠিক করলাম, আজই শিরোপাটা নিশ্চিত করে ফেলতে চাই।
* বায়ার্নের ২৭তম লিগ শিরোপা আপনারা নিশ্চিত করলেন ৬-০ গোলের জয়ে। এত বড় ব্যবধানে জেতাটাও কি গুরুত্বপূর্ণ ছিল?
লাম: এমন স্কোরলাইনে জিতলে ভালোই লাগে। তবে এটা কোনো কিছুরই নির্ণায়ক নয়। প্রথম সুযোগেই শিরোপাটা জেতা উচিত ছিল, সেটি আমরা করেছি। আজই লিগটা জিতে ফেলতে চেয়েছিলাম।
*গত কয়েক সপ্তাহের হতাশা মুছে দিতেও কি এমন বড় জয় দরকার ছিল?
লাম: না। আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল ভালো খেলা আর জেতা।
* শেষ বাঁশির পর ড্রেসিংরুমে উদ্যাপনটা কেমন হলো?
লাম: ইচ্ছেমতো উদ্যাপন করেছি। সপ্তাহের মাঝামাঝি হওয়া ম্যাচগুলোয় উদ্যাপন করার মতো কিছু তো ঘটেনি। তাই আজ উদ্যাপন করলাম। কারণ উদ্যাপন করার মতো কিছু ঘটে থাকলে উদ্যাপন করাই উচিত। গত সপ্তাহেই বলেছিলাম, বুন্দেসলিগা জেতাটা কখনো এমনিই হয়ে যাবে বলে ধরে নিতে পারেন না। আর এটা সব সময় মনে রাখাও উচিত।
* এটা আপনার অষ্টম বুন্দেসলিগা শিরোপা। অন্য সব শিরোপার পাশে এটিকে কোথায় রাখবেন?
লাম: প্রথম দিকের শিরোপাগুলো জেতা এত পুরোনো হয়ে গেছে যে এখন মনেও নেই (হাসি)। লাইপজিগের ড্রয়ের পর আমাদের শিরোপা জেতাটা সময়ের ব্যাপার ছিল। বাকি চার ম্যাচের একটিতে জিতলেই হতো। আমার কাছে অসাধারণই লাগছে, কারণ বুন্দেসলিগা জেতাটা সব সময়ই স্পেশাল। সমর্থকদের সঙ্গে উদ্যাপন করার সময় আবেগ ছুঁয়ে গেছে। ভলফ্সবুর্গের অনেক খেলোয়াড়ও দুর্দান্ত ক্যারিয়ারের জন্য আমাকে অভিনন্দন জানিয়েছে। এসব মুহূর্তে না চাইলেও একটু আবেগাপ্লুত হয়েই পড়ে সবাই।
* শেষ শিরোপা বলে এটাই কি আপনার জন্য সবচেয়ে আবেগময়?
লাম: তুলনা করা কঠিন। প্রথম শিরোপার কথা আপনি কখনো ভুলবেন না। আমার জন্য সবচেয়ে আবেগের ছিল ২০১৬ সালের শিরোপাটা, যখন মৌসুমের শেষ দিনে অধিনায়ক হিসেবে মাইস্টারশালে (বুন্দেসলিগা চ্যাম্পিয়নের ট্রফি) উঁচিয়ে ধরেছিলাম। আমি মোটামুটি নিশ্চিত, এবারও (মৌসুমের শেষ দিনে) সবকিছু বেশ আবেগময় হবে।
* মৌসুমের মাত্র আর তিনটি ম্যাচ বাকি, যখন আপনার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। নিজের জন্য কোনো লক্ষ্য ঠিক করে রেখেছেন?
লাম: শুধু সবকিছু উপভোগ করতে চাই। প্রতিটি অনুশীলন সেশন, প্রতিটি রন্ডো (ছোট ছোট ভাগ হয়ে অনুশীলন), প্রতিটি ক্রস...আগামী তিন সপ্তাহ এই সবকিছুই শুধু উপভোগ করতে চাই।
* বায়ার্নে সব সময়ই প্রত্যাশা অনেক বেশি, আর এই মৌসুমে ‘মাত্র’ একটা শিরোপা জিতেছেন। এই মৌসুমকে কীভাবে মূল্যায়ন করবেন?
লাম: আমি বলব ঠিকঠাকই ছিল। বুন্দেসলিগাজয়ী একটা মৌসুমকে কোনোভাবেই খারাপ বলা যায় না। মাঝেমধ্যে মনে হতে পারে এটা তো জেতার কথাই ছিল, কিন্তু ব্যাপারটা (লিগ জেতা) এত সহজ নয়। আমাদের লক্ষ্য সব সময়ই অনেক উঁচু থাকে। সপ্তাহ দুয়েক আগেও কিন্তু আমাদের ‘ট্রেবল’ জয়ের সম্ভাবনা ছিল! তারপর খুব ভালো দুটি দলের কাছে দুটি টুর্নামেন্টে হেরে বাদ পড়লাম, তারপরই সবকিছু প্রশ্নের মুখে পড়ল। অবশ্য খেলাটা এমনই। তবে নিশ্চিতভাবেই আমরা একটার বেশি শিরোপা জেতার লক্ষ্য নিয়ে শুরু করেছিলাম।
* আপনার শেষ ম্যাচটা ফ্রেইবুর্গের সঙ্গে। বন্ধুবান্ধব ও পরিবারের মানুষের জন্য টিকিট জোগাড় করে ফেলেছেন?
লাম: বরাদ্দ টিকিটের নিয়ম মেনেই সব করছি। জানি না আমার জন্য কোনো বিদায়ী ম্যাচ থাকবে কি না, ক্লাবের সঙ্গে এ নিয়ে এখনো কথা বলিনি।
* এখন (ম্যাচের ঠিক পরে) মিউনিখে ফিরে যাচ্ছেন। পার্টি হবে নিশ্চয়ই? কোথায় করবেন পার্টি?
লাম: এখন পর্যন্ত যতটুকু জানি, আগে থেকে কিছু ঠিক করে রাখা হয়নি। তবে অবশ্যই কোথাও যাব আমরা। এমন মুহূর্তগুলোয় সুযোগ পেলেই উদ্যাপন করা উচিত।