কন্তেইহলেন 'কার্লসেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পুসকাস পুরস্কারের জন্য অভিনন্দন, গ্যারি কাহিল!’

ম্যাচের প্রথমার্ধও তখনো শেষ হয়নি। এরই মধ্যে টুইটার সয়লাব এমন টুইটে। চেলসি ডিফেন্ডারকে বছরের সুন্দরতম গোলের পুরস্কার দিচ্ছেন সবাই। নিছকই মজা করে বলা। গোলটা সুন্দরই করেছেন কাহিল, বক্সে ভেসে আসা ক্রস ভলি করে জড়িয়ে দিয়েছেন জালে। কিন্তু সমস্যাটা হলো, গোলটা করেছেন নিজেদের পোস্টে!

তবে ম্যাচ শেষে কাহিলের হতাশা আর থাকেনি। ওই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়লেও কাল ম্যানচেস্টার সিটির মাঠে শেষ পর্যন্ত ৩-১ গোলের দুর্দান্ত জয় নিয়ে ফিরেছে চেলসি।

একে চেলসি আর ম্যানচেস্টার সিটির ম্যাচ, তাতে বাড়তি উন্মাদনা যোগ করেছে দুই দলের দুই কোচ—পেপ গার্দিওলা ও আন্তোনিও কন্তে। ইউরোপিয়ান ফুটবলে অন্যতম সেরা দুই ট্যাকটিশিয়ান। ম্যাচ-পূর্ব আলোচনায় বারবার আসছিল দিন চারেক আগে হয়ে যাওয়া বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা। যেখানে সের্গেই কারিয়াকিনকে হারিয়ে শিরোপা জেতেন ম্যাগনাস কার্লসেন। গার্দিওলা-কন্তের লড়াইও তো তা-ই, ফুটবলীয় কৌশলের দুই ‘গ্র্যান্ডমাস্টারে’র লড়াই। যাতে কাল ‘কার্লসেন’ হলেন কন্তে।

সেপ্টেম্বরে আর্সেনালের কাছে হারের পর সেই যে ৩-৪-৩ ফর্মেশনে দলকে নিয়ে যান কন্তে, এর পর থেকে চেলসি ছুটছে অপ্রতিরোধ্য। কালকের আগে সাত ম্যাচের সব কটিতেই জয়, গোল করেছে ১৯টি, খেয়েছে মাত্র ১টি। কাল সংখ্যাটা হলো আটে আট। কন্তের দলকে টক্কর দিতে কাল গার্দিওলাও দল সাজিয়েছিলেন ৩-৪-৩ ফর্মেশনে, মিডফিল্ড ভরিয়েছিলেন ডি ব্রুইন-সিলভা-গুন্ডোয়ানের মতো বল পায়ে দক্ষ ফুটবলারদের নিয়ে। উদ্দেশ্য, বল দখলে রেখে চেলসি রক্ষণকে চাপে রাখা। কিন্তু হলো না, উল্টো সর্বনাশ হয়েছে প্রতি-আক্রমণে। তিনটি প্রতি-আক্রমণ, তিনটি গোল চেলসির!

এ নিয়ে লিগের শিরোপাপ্রত্যাশী দলগুলোর দুটির সঙ্গে খেলল গার্দিওলার সিটি (টটেনহাম ও চেলসি), হারল দুটির সঙ্গেই। অথচ প্রথমার্ধটা অন্য ইঙ্গিতই দিচ্ছিল। ৪৪ মিনিটে গোলমুখ খোলে কাহিলের ভুলে। তবে সিটি গোল পেতে পারত আরেকটি। ২৫ মিনিটে কেভিন ডি ব্রুইনের ফ্রি-কিকে হেড করে বল জালে জড়িয়েও দিয়েছিলেন ফার্নান্দিনহো, কিন্তু হেডটা করার সময় তিনি ছিলেন অফসাইড। 

দ্বিতীয়ার্ধেও শুরুতে কয়েকটি সুযোগ পায় সিটি। দুবার আগুয়েরোর শট ফিরিয়ে দেন চেলসি গোলরক্ষক কোর্তোয়া। আর ডি ব্রুইনের মিসটা তো অবাক করার মতো, ৩ গজ দূর থেকে খালি পোস্ট পেয়েও বল মারেন বারের ওপর দিয়ে। সেটিই হলো কাল। এরপর তিনটি প্রতি-আক্রমণ থেকে ৩ গোল চেলসির। ৬০ মিনিটে মাঝমাঠ থেকে ফ্যাব্রিগাসের লম্বা পাস ধরে চেলসিকে সমতায় ফেরান ডিয়েগো কস্তা। দশ মিনিট পর নিজেদের বক্স থেকে তিন পাসের প্রতি-আক্রমণে উইলিয়ানের গোলে এগিয়ে যাওয়া। আর সিটিকে শেষ ধাক্কা দেন এডেন হ্যাজার্ড, ৯০ মিনিটে মার্কোস আলোনসোর লম্বা বল পেয়ে গোল করেন বেলজিয়ান ফরোয়ার্ড।

সিটির রাতটা আরও খারাপ হয়েছে ম্যাচের শেষ দিকে। লুইজের ওপর আগুয়েরোর ফাউলকে ঘিরে মারামারিতে লাল কার্ড দেখেন আগুয়েরো ও ফার্নান্দিনহো। অবশ্য ততক্ষণে ক্ষতি যা হওয়ার তা হয়েই গেছে গার্দিওলার দলের। স্টার স্পোর্টস।