কন্তের 'ফ্যান্টাসটিকো' চেলসি

অ্যান্তনিয় কন্তের জামানার সেরা জয়টাই কাল পেল চেলসি। এভারটনের বিপক্ষে ৫-০ গোলে বিশাল জয়ের পর তৃপ্ত কোচ কন্তের কণ্ঠে স্পষ্টতই উচ্ছ্বাস। দলের পারফরম্যান্সকে তিনি বর্ণনা করলেন নিজের ভাষাতেই—‘ফ্যান্টাসটিকো।’
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে নিজের ভাষার ব্যবহার করে এই ইতালীয় জানিয়ে দিলেন নিজ দলের খেলায় কতটা খুশি তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে তিনি বোঝাতে চেয়েছেন সুন্দর ফুটবলের গুরুত্বই, ‘এই জয় প্রমাণ করে সুন্দর ফুটবল খেলেও জয় ছিনিয়ে আনা যায়। আমার দলের খেলোয়াড়েরা সবাই প্রতিভাবান। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই খেলোয়াড়দের এমন একটা পরিবেশ তৈরি করে দিতে হবে, যেখানে তারা নিজেদের প্রতিভার সর্বোচ্চ ব্যবহারটা করতে পারে।’
এভারটনের বিপক্ষে ম্যাচে সমর্থকেরাই নাকি সেই পরিবেশ তৈরি করে দিয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে নিজেদের খেলাকে আরও শানিয়ে নেওয়ার প্রত্যয়টাও জানা গেল তাঁর কথায়, ‘আজকে মাঠের পরিবেশ ছিল দুর্দান্ত। সমর্থকেরা খেলোয়াড়দের জন্য দারুণ একটি পরিবেশ তৈরি করে দিয়েছিলেন। আমাদের সবারই একসঙ্গে কাজ করে যেতে হবে। খেলোয়াড়, ক্লাব কর্তা, সমর্থক—সবাইকে। ধাপে ধাপে আরও উন্নতি করতে হবে। আমরা উন্নতি করতে পারি। আমরা অবশ্যই উন্নতি করতে পারি।’
এই মুহূর্তে চেলসির হয়ে দুর্দান্ত খেলছেন এডেন হ্যাজার্ড। ১১ ম্যাচে করেছেন ৭ গোল। অনেকেই বলছেন স্টামফোর্ড ব্রিজে পা রাখার পর এটিই তাঁর সেরা পারফরম্যান্স। এভারটনের বিপক্ষে তাঁর গোল দুটি। ম্যাচের ১৮ মিনিটে চেলসি গোলের খাতা খোলে তাঁর মাধ্যমেই। ৫৪ মিনিটে হ্যাজার্ডের দ্বিতীয় গোলটি ছিল দুর্দান্ত। অন্য তিনটি গোল মারকোস আলোনসো, ডিয়েগো কস্তা ও পেদ্রোর।
হ্যাজার্ডের পারফরম্যান্সেও দারুণ খুশি কন্তে, ‘হ্যাজার্ড দুর্দান্ত ফুটবল খেলছে। সে তার প্রতিভার প্রমাণ রাখছে।’
এভারটনের কোচ রোনাল্ড কোম্যানেরও মুগ্ধতা ছিল চেলসির কৌশল নিয়ে। কন্তের প্রশংসা করে সাবেক এই ডাচ তারকা বলেন, ‘আমি এর আগে কখনোই এই কৌশলে কাউকে এত ভালো খেলতে দেখিনি। চেলসি যে কৌশলে খেলেছে, সে কৌশলের কোনো দলের বিপক্ষে খেলাটা সত্যিই অনেক কঠিন।’ সূত্র: এএফপি।