কপাল পুড়ছে নেইমারের বাবার

গত বছরই বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি সেরেছিলেন নেইমার। সে চুক্তিতে লেখা ছিল, ২০১৭ সালের ৩১ জুলাইয়ের মধ্যে তিনি যদি বার্সেলোনা না ছাড়েন, তাহলে বোনাস হিসেবে ২৬ মিলিয়ন ইউরো পাবেন। বোনাসটা নেইমারকে দেওয়ার কথা বলা হলেও আদতে তা পেতেন ব্রাজিল তারকার ‘এজেন্ট’ হিসেবে কাজ করা তাঁর বাবা।
নেইমার পিএসজিতে যাচ্ছেন, এই গুঞ্জনের আওয়াজ চড়া হতেই বার্সা কর্তৃপক্ষ এই ‘বোনাস’ আটকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে কপাল পুড়ছে নেইমার সিনিয়রের। রীতিমতো বসে থেকে ২৬ মিলিয়ন ইউরো যে পকেটে ঢুকছে না তাঁর। বাংলাদেশি মুদ্রায় যেটি ২৫০ কোটি টাকা প্রায়!
ক্লাবের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, যেহেতু নেইমার ন্যু ক্যাম্পে থাকছেন কি না, তা নিশ্চিত নয়; তাই আপাতত এই বিপুল অর্থের বোনাস স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বার্সা।
সানডে টাইমস এর আগে জানিয়েছিল, নেইমারের বাবা নাকি পিএসজিকে অনুরোধ জানিয়েছিলেন নতুন চুক্তিটা যেন পিছিয়ে আগস্ট মাসে নিয়ে যাওয়া হয়। এতে করে তিনি সেই ২৬ মিলিয়ন ইউরো আদায় করে নিতে পারবেন।
নেইমারের বাবার এই তৎপরতা চাউর হতেই বেশ চিন্তিত হয়ে পড়েছিল বার্সেলোনা। যে খেলোয়াড় ক্লাবে থাকতেই চাচ্ছে না, তাঁর ‘এজেন্টে’র পেছনে এত বিপুল অঙ্কের অর্থ খরচে স্বাভাবিকভাবে বার্সা রাজি নয়। তবে আইন বার্সার পক্ষেই। সূত্র: এএফপি।