কবর খোঁড়েন রজব হোসেন

প্রায় প্রতিদিনই কেরানীগঞ্জ থেকে মতিঝিল সোনালী অতীত ক্লাবে আসেন। আড্ডা দেন আরও অনেক সাবেক ফুটবলারের সঙ্গে। হাজি রজব হোসেন হাসিখুশি, প্রাণবন্ত মানুষ। তাঁকে নিয়ে আড্ডায় সত্তর-আশির দশকে মোহামেডান-আবাহনীতে খেলা লেফট ব্যাক খন্দকার আবদুর রকিব বলেন, ‘রজবের কোনো তুলনা হয় না। সামাজিক কাজ করায় ওর জুড়ি নেই।’
দেশের ফুটবলের অন্যতম সেরা তারকা আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু তখনই যোগ দেন সে আড্ডায়। রজবকে দেখে সহাস্যে হাঁক ছাড়েন চুন্নু, ‘আরে, রজব কী খবর। আছ কেমন?’ কত দিনের পরিচয়! চুন্নুদের সঙ্গে আবাহনীতে ফুটবল খেলেছেন রজব। আশি-নব্বই দশকের ঘরোয়া ফুটবলে রজব ছিলেন পরিচিত মুখই।
ইরাকের একটি বিশ্ববিদ্যালয় দল ঢাকায় আসে ১৯৮০ সালে। ওই দলটির বিপক্ষেই আবাহনীর হয়ে প্রথম খেলেন। স্মৃতিতে ডুব দিয়ে বলেন, ‘দিলকুশার বিপক্ষে সালাউদ্দিন ভাইয়ের হ্যাটট্রিক করা ম্যাচে আবাহনীর একাদশে ছিলাম রাইট ব্যাকে। সে বছর ৫-৬টি ম্যাচ খেলেছি আবাহনীর হয়ে।’ সেই রজব সামাজিক কর্মকাণ্ড করেন। সে তো অনেকেই করেন। দান-খয়রাত করা লোকের অভাব নেই সমাজে। কিন্তু ব্যতিক্রম রজব। কবর খোঁড়েন, কবরে শোয়ান মরদেহ। এটা তাঁর নেশা। আনন্দও।
‘কতগুলো কবর খুঁড়েছেন রজব ভাই?’
কদিন আগে রাত ১০টায় সোনালী অতীত ক্লাবের সামনে এক চায়ের দোকানে বসে প্রশ্নটা করার সুযোগ হয়েছিল। ‘হাজারের ওপরে!’ শুনে বিস্মিত হওয়ার পালা। এটা সত্যি! ‘হ্যাঁ, সত্যি। জীবনে যত কবর খুঁড়েছি, হিসাব করলে হাজারের ওপরে যাবে’—রজব এমনভাবে বলেন যেন এটা তেমন কিছুই নয়। কবরের সঙ্গেই মানুষটির বসবাস। কবর খুঁড়ে নিজেই হয়তো শুয়ে দেখেন কেমন লাগে। ওপরে বাঁশ এবং চাটাই দিয়েও কবরের অনুভূতি নেন। ‘এটাই তো আমার আসল ঠিকানা, সুন্নতও’ বলে যান রজব।
গত শনিবার নিজ এলাকা জিঞ্জিরার নজরগঞ্জ গ্রামে সর্বশেষ কবর খুঁড়েছেন। ওখানেই স্থানীয় কবরস্থানটা তাঁর হাতে তৈরি। অচেনা লোকজনের ডাকে দূরদূরান্তেও চলে যান কবর খুঁড়তে। মৃত্যুর আগে নাকি অনেকে বলে যান তাঁর দাফন যেন রজব হোসেন করেন। তবে স্ত্রী এসব পছন্দ করেন না। একবার নাকি স্ত্রী বাপের বাড়ি চলে যান এই বলে, ‘থাকো তুমি তোমার কবর নিয়ে। যত্ত সব!’
কিন্তু রজব অবিচল। নিজেই বলেন, ‘ অনেক বুঝিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনলাম। তাতে সে আশ্বস্ত হতে পারেনি। কারণ, ঘুমের মধ্যেও আমি স্বপ্ন দেখতাম, আমি মারা গেছি। আমার গায়ে কাফনের কাপড়। একটা মরদেহ যেমন থাকে তেমনই। মাঝরাতে বা শেষ রাতে দরজা খুলে বাইরে চলে যেতাম।’ বলতে বলতে যোগ করেন, ‘খুব বেশি দূর হয়তো যাওয়া হতো না। অল্প সময় ফিরে আসতাম।’ স্ত্রী এসব ভেবে প্রথম প্রথম ভয় পেতেন। আস্তে আস্তে এটা দেখে ভয়টা কেটে যায়।
একবার রজব দেখেন ভ্যানে লাশ নিয়ে দাঁড়িয়ে আছেন এক লোক। ভাই মারা গেছে। কেউ সাহায্য করছে না। ‘আমি বললাম, চলেন কবরস্থানে এবং সব জোগাড় করে মরদেহ কবর দিলাম।’ বলে যান রজব। কাউকে দাফন করা যাচ্ছে না অর্থাভাবে? রজব এগিয়ে আসবেন। খরচাপাতি করবেন নিজের পকেট থেকে। কীভাবে এই নেশাটা হলো? রজব পেছনে তাকান, ‘নামাজ পড়ি ৮ বছর বয়স থেকেই। কবরস্থানে যাই এবং জিয়ারত করতাম তখন। ১১-১২ বছর বয়স থেকেই কবর খুঁড়ছি। ‘মৃত্যুর আগ পর্যন্ত এটা করে যাব’—৬১ বছর বয়সেও রজবের কণ্ঠে প্রতিজ্ঞার সুর।
ধর্মভীরু রজব এলাকায় একটি মসজিদ ও তিনটি মাদ্রাসা করেছেন। বিয়েশাদিতেও থাকেন। বিচার-আচার করেন। অসুখ-বিসুখে দাঁড়ান মানুষের পাশে। একবার ক্যানসারে আক্রান্ত এক চা-বিক্রেতার স্ত্রীকে মিটফোর্ডে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিলেন। আর্থিক সচ্ছলতা থাকায় এটা করতে পেরেছেন। কেরানীগঞ্জে পারিবারিক প্রিন্টিং ব্যবসা আছে তাঁদের। বাবা হাজি নূর হোসেনও সামাজিক কাজ করতেন।
গল্পের ফাঁকে তাঁর ফুটবলজীবনটা ফিরে আসে। আশিতে আবাহনীতে খেলে পরের বছরই ব্রাদার্সে। স্ট্রাইকার মোহাম্মদ মহসীনের ডাবল হ্যাটট্রিকে সেবার লিগে ব্রাদার্স ৯ গোলে উড়িয়ে দেয় দিলকুশাকে। সেই ম্যাচে হাসানুজ্জামান বাবলু করেন ১ গোল। কাকতালীয়ভাবে কাল সোনালী অতীত ক্লাবে বসে রজব কথা বলার সময় এসে ঢোকেন বাবলু। রজব বলে ওঠেন, ‘এই যে গুরু...তাঁর পা থেকে বল নেওয়া যেত না।’ বাবলুর প্রত্যুত্তর, ‘রজব ছিল রাফ অ্যান্ড টাফ। খুবই শক্ত-সামর্থ্য ফুটবলার।’
১৬-১৭ বছরের ফুটবল ক্যারিয়ারে রহমতগঞ্জ, ফরাশগঞ্জ, ভিক্টোরিয়া, অগ্রণী ব্যাংক হয়ে ’৯০ সালে আবার আবাহনী আসেন রজব। ১৯৯১-৯২ ইস্কাটনে তাঁর সময়ই তরুণ আরমান মিয়ার শুরু। ১৯৮৭ সালে ভিক্টোরিয়ার অধিনায়ক ছিলেন। ‘সেবার ইস্ট এন্ড থেকে বুলবুলকে (ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল) নিয়ে এলাম ভিক্টোরিয়ায়। ও চুক্তি ২৫ হাজার টাকা। কিন্তু ক্লাবে তখন টাকা না থাকায় টাকাটা আমিই ধার দিয়ে বুলবুলকে ভিক্টোরিয়ায় নিই’—রজবকে নস্টালজিক দেখায়।
কেরানীগঞ্জের আরেক ফুটবলার আহমেদের মতো জাতীয় দলে খেলা হয়নি। একটু আক্ষেপ তো আছেই। তবে কবর খোঁড়ার মতো কাজ করে জনকল্যাণে নিজেকে উৎসর্গ করার তৃপ্তির কাছে সে আক্ষেপ যে গৌণই।