কবে শেষ হবে তাঁদের কান্না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন ফোলমান। কিন্তু এখনো যে শুকোচ্ছে না চোখের জল। ছবি: এএফপি
অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন ফোলমান। কিন্তু এখনো যে শুকোচ্ছে না চোখের জল। ছবি: এএফপি

ট্রফি জয়ের উদ্‌যাপন এত নীরব হতে পারে! বিজয়ীর মুষ্টিবদ্ধ হাত শূন্যে ছোড়া নয়, হাততালি নেই। নেই আনন্দ চিৎকার, উচ্ছ্বাসে ভেসে যাওয়ার উন্মাদনা নেই। আছে শুধু নীরব কান্না। দলটার নাম যে শাপেকোয়েনস! কাল এভাবেই সুদামেরিকানার শিরোপা জয় উদ্‌যাপন করেছে ব্রাজিলের হতভাগ্য ক্লাবটি।

কোপা সুদামেরিকানার ফাইনালের প্রথম পর্বের ম্যাচ খেলতে গত নভেম্বরে কলম্বিয়ায় রওনা হয়ে গিয়েছিল শাপেকোয়েনস। কিন্তু মর্মান্তিক বিমান দুর্ঘটনায় পুরো দলটিই প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। তাদের জন্য কেঁদেছে পুরো ফুটবল বিশ্ব। ফাইনাল ম্যাচটি যাদের সঙ্গে ছিল কলম্বিয়ার সেই ক্লাব ন্যাসিওনাল প্রস্তাব করেছিল কোপা সুদামেরিকানার শিরোপা শাপেকোয়েনসকে দিয়ে দিতে। কর্তৃপক্ষও তা মেনে নিয়েছিল। সেই শিরোপা জয়ই কাল উদ্‌যাপন করে ক্লাবটি। সেই দুর্ঘটনার পর এদিনই যে প্রথম মাঠে নেমেছে তারা।
প্রীতি ম্যাচ। তবে সেই ম্যাচ দেখতেই গ্যালারি কানায় কানায় পূর্ণ। খেলা দেখতে নয়, শাপেকোর মানুষ আসলে মাঠে এসেছিল তাদের প্রিয় ক্লাবকে প্রেরণা জোগাতে। এখন শাপেকোতে থাকেন না এমন লোকেরাও ছুটে এসেছেন পথের কষ্ট ভুলে। কেউ এসেছেন ৩০০ মাইল দূর থেকে। কেউ বা ৩৫০ মাইল দূর থেকে। স্টেডিয়ামের চারদিকে ছিল দুর্ঘটনায় নিহত শাপেকোয়েনসের খেলোয়াড় ও কর্মকর্তার ছবি। তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো ব্যানার-ফেস্টুন। ম্যাচটি ছিল ব্রাজিলের চ্যাম্পিয়ন পালমেইরাসের বিপক্ষে। কিন্তু এদিন সবাই যেন ছিলেন শাপেকোয়েনসের সমর্থক। শাপেকোয়েনসের সবুজ পতাকায় ছেয়ে গিয়েছিল গ্যালারি। সবাই মিলে এক সঙ্গে চিৎকার করেছেন—ভামোস শাপেকোয়েনস!

নতুন দল, নতুন আশা! একেবারে নতুন একটা একাদশ নিয়ে মাঠে শাপেকোয়েনস। ছবি: এএফপি
নতুন দল, নতুন আশা! একেবারে নতুন একটা একাদশ নিয়ে মাঠে শাপেকোয়েনস। ছবি: এএফপি

ম্যাচ শুরুর আগে মাঠে এসেছিলেন দুর্ঘটনায় নিহতদের স্বজনেরা। একে অপরকে সান্ত্বনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। তাদের সঙ্গে কেঁদেছে গ্যালারিতে আসা সমর্থকেরা। কেঁদেছে আসলে পুরো বিশ্বই। মাঠে নেমেছিলেন সেই দুর্ঘটনায় থেকে বেঁচে ফেরা দলটির তিন ফুটবলার জ্যাকসন ফোলমান, অ্যালান রাচেল ও নেতো। সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে কোপা সুদামেরিকানার শিরোপাটি উন্মোচনের সময়। দলটির গোলরক্ষক জ্যাকসন হুইল চেয়ারে বসে ট্রফিটি উঁচিয়ে ধরলেন। গ্যালারি-ভরা দর্শক তখন হতবিহ্বল—আনন্দ আর শোকের কান্না মিলেমিশে একাকার।
এমন একটি ম্যাচের ফল নিয়ে কেই বা কথা বলতে চায়। তবু ম্যাচ যখন হয়েছে, ফলের কথা তো বলতেই হবে। ‘নতুন শাপেকোয়েনস’ ম্যাচটি ড্র করেছে ২-২ গোলে। শোক পেছনে ফেলে শাপেকোয়েনস মাঠে নেমেছে। ব্রাজিলের চ্যাম্পিয়নদের সঙ্গে সমানে সমান লড়াই করেছে। সমর্থকেরাও সব ভুলে আশার আলোই দেখতে পাচ্ছেন।
তবে দলীয় সাফল্য বা ব্যর্থতা নয়; কবে এই শোক তাঁরা পুরো কাটিয়ে উঠবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে শেষ হবে তাঁদের কান্না! সূত্র: এএফপি, মেল অনলাইন।