কবে হবে আগামী সাফ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি বয়সভিত্তিক সাফ ফুটবল টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হলো কাল বাফুফে ভবনে। প্রথমে অনূর্ধ্ব-১৫, এরপর অনূর্ধ্ব-১৮ সাফ। আগামী ১৮-২৭ আগস্ট নেপালে হবে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ, ১৮-২৭ সেপ্টেম্বর অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের আসর বসবে ভুটানে। বয়সভিত্তিক দলগুলোর ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। অথচ সাফের সিনিয়রদের টুর্নামেন্ট কবে হবে তা নিয়ে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

দুই বছর আগে সর্বশেষ সাফ ফুটবল হয়েছে ভারতে। চলতি বছরের জুনেই সাফের দশম টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু সেটি পিছিয়ে আগামী ডিসেম্বরে আয়োজনের পরিকল্পনা করেন সাফ কর্মকর্তারা। তখন আবার ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) ব্যস্ত থাকবে ভারতের ফুটবলাররা। তাই ডিসেম্বরেও সম্ভব হচ্ছে না সাফের আয়োজন। কিছুদিন আগে সাফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেছিলেন, ‘আগামী বছর মে মাসে হতে পারে টুর্নামেন্ট।’ কিন্তু কাল বয়সভিত্তিক সাফের ড্রয়ের পর শোনা গেল অন্য কথা। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক বললেন, ‘আবারও সাফ পিছিয়ে যেতে পারে। সাফের ফ্রান্সভিত্তিক বিপণন প্রতিষ্ঠান লাগারদের স্পোর্টসের অনুরোধেই মূলত পেছাতে পারে সাফ।’ তাঁর ব্যাখ্যা, ‘মে মাসে এমনিতেই এএফসির টুর্নামেন্ট থাকবে, ওই সময় হয়তো জাতীয় দলগুলো সেরা খেলোয়াড়দের না-ও পেতে পারে। এজন্য মার্কেটিং এজেন্ট লাগারদের তখন সাফ আয়োজনে আগ্রহী নয়। কিন্তু মে মাসের আগেও সম্ভব নয় আয়োজন।’ মে মাসে না হলে রোজা শুরু হবে বলে জুনেও তো সম্ভব নয়। এরপর জুলাইয়ে রাশিয়া বিশ্বকাপ। তাহলে কবে হচ্ছে সাফ? হেলালের উত্তর, ‘আগস্টে নেপালে সাফের নির্বাহী সভায় বসে পারিপার্শ্বিক সবকিছু বিবেচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

কাল রাতে অবশ্য সাফের ভেন্যু দেখতে লাগারদের স্পোর্টসের চারজন কর্মকর্তা এসেছেন ঢাকায়। তাঁরা সাফ সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সভা করবেন, স্থানীয় কিছু পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা করতে পারেন।

বয়সভিত্তিক দুটি সাফ চ্যাম্পিয়নশিপ দরজায় কড়া নাড়লেও বাংলাদেশ এখনো দল গড়ার কাজই শুরু করেনি। অথচ অনূর্ধ্ব-১৬ সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের জন্য বিকেএসপিতে আজ থেকে শুরু হবে অনুশীলন। এ জন্য কাল ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। আর খুলনা বিকেএসপিতে ১২ জুলাই শুরু হবে অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের অনুশীলন।

অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভারত ও ভুটান। ‘বি’ গ্রুপে নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ভুটান। ২২ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। ফাইনাল ২৭ সেপ্টেম্বর। অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কা। ১৮ আগস্ট প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ২২ আগস্ট গ্রুপের পরের ম্যাচের প্রতিপক্ষ ভুটান। ফাইনাল ২৭ আগস্ট।

আদালতের নিষেধাজ্ঞা থাকায় পাকিস্তান অংশ নিতে পারছে না। আর আফগানিস্তান সাফ অঞ্চল থেকে বেরিয়ে গেছে। আগের বছরগুলোয় অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের আয়োজন করত সাফ। কিন্তু এএফসির নির্দেশনা অনুসারে এবার এই দুটি টুর্নামেন্টের বয়সসীমা এক বছর করে কমানো হয়েছে। যাতে এই দলগুলোই পরের বছর অংশ নিতে পারে এএফসি অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে।