কমছে বিদেশি কোটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টে খেলেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এবার অনূর্ধ্ব-১৮ ক্লাব টুর্নামেন্টেও তারা খেলেনি। কিন্তু পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এত দিন কোনো ব্যবস্থাই নেয়নি বাফুফে। অবশেষে কাল ক্লাবটিকে দেওয়া হয়েছে কারণ দর্শানো নোটিশ।
পেশাদার লিগের বাইলজে শাস্তিটা সুনির্দিষ্ট না থাকায় ব্যবস্থা নিতে পারেননি বাফুফে কর্তারা। এবার শুধু কারণ দর্শানো নোটিশে কাজ সারা হলো। তবে ভবিষ্যতে যাতে এমন কাজ আর কেউ না করতে পারে, সে ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছে পেশাদার লিগ কমিটি। আগামী মৌসুম থেকে কোনো দল বয়সভিত্তিক প্রতিযোগিতায় না খেললে ২০ লাখ টাকা জরিমানা করা হবে। অংশ নিতে দেওয়া হবে না বিদেশের কোনো টুর্নামেন্টেও। গতকাল পেশাদার লিগ কমিটির সভায় সুপার কাপ আয়োজনের তারিখ নির্ধারণের কথা থাকলেও সেটি হলো না। আগামী সপ্তাহের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী। এ ছাড়া এ সভায় নতুন মৌসুমের ফুটবলার নিবন্ধনের তারিখও চূড়ান্ত হয়েছে, আর তা হলো ১২ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত। এবার কমানো হয়েছে বিদেশি ফুটবলার কোটা। গত মৌসুমে সাতজনকে নিবন্ধন করানোর সুযোগ ছিল। এবার সেটি কমিয়ে করা হয়েছে পাঁচজন। গতবার এক ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন চারজন বিদেশি, এবার খেলতে পারবেন তিনজন। সব দল পাঁচজন বিদেশিসহ ৩৫ জনকে নিবন্ধন করাতে পারবে।
নভেম্বরে ভুটানে অনুষ্ঠেয় কিংস কাপে খেলতে যাওয়ার জন্য আবেদন জানিয়েছিল ছয় দল। কিন্তু লিগ কমিটি যাওয়ার অনুমতি দিয়েছে শেখ জামাল ও আবাহনীকে।