কমলাপুরে পিছিয়ে পড়েও চট্টগ্রাম আবাহনীর জয়
প্রিমিয়ার ফুটবল লিগ আজ আবার মাঠে ফিরেছে। প্রথম দিনে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্সকে ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। কমলাপুর স্টেডিয়ামে উত্তর বারিধারার বিপক্ষে চট্টগ্রাম আবাহনীর জয় ৪-৩ গোলে।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের কৃত্রিম টার্ফে এত দিন নিচের দিকের লিগ এবং নারী ফুটবল হয়েছে নিয়মিত। আজই দেশের শীর্ষ লিগ প্রথম প্রিমিয়ারের কোনো ম্যাচ হলো। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কারকাজ চলছে।
তা ছাড়া বৃষ্টির মৌসুম এখন। ফলে বঙ্গবন্ধুতে দিনে একটির বেশি ম্যাচ আয়োজন করা হবে না আপাতত। সেখানে একটি ম্যাচ হলে অন্যটি হবে কমলাপুরে।
আজ কমলাপুরে চট্টগ্রাম আবাহনীর ৪ গোলের একটি আত্মঘাতী। বাকি ৩ গোল রাকিব হোসেন, নিক্সন গিয়েহার্মে ও চিনেদু ম্যাথিউর। উত্তর বারিধারার ৩ গোল উজবেকিস্তান মিডফিল্ডার ইভগেনি কোচেনেভ, সুমন রেজা ও রাশেদুল ইসলামের। আত্মঘাতী গোলটি হয় উত্তর বারিধারার আরেক উজবেক ডিফেন্ডার সাইদস্তন ফজিলভের সৌজন্যে।
এত দিন ঘাসের মাঠে খেলে অভ্যস্ত ফুটবলাররা টার্ফের গতি ও বাউন্সের সঙ্গে তাল মিলিয়ে সেভাবে স্বচ্ছন্দে খেলতে পারছিলেন না আজ। এর সঙ্গে তীব্র গরমের কারণে খেলার মাঝে পানি পানের বিরতিও দিতে দেখা গেছে রেফারি আনিসুর রহমানকে।
শুরুতে ধারার বিপরীতে গোল খেয়ে পিছিয়ে পড়ে চট্টগ্রাম আবাহনী। ম্যাচের ৭ মিনিটে বক্সের মধ্যে চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার সোহেল রানা হ্যান্ডবল করলে পেনাল্টি পায় বারিধারা। পেনাল্টি থেকে গোল করে বারিধারাকে এগিয়ে নেন ইভগেনি কচনেভ।
সর্বশেষ ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছিল চট্টগ্রাম আবাহনী। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ২–১ গোলে হারিয়ে লিগে প্রথমবার হারের তেতো স্বাদ দিয়েছিল তারা। কিন্তু আজ ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত ৪–১ গোলে এগিয়ে থাকা চট্টগ্রাম আবাহনী বাকি ১৮ মিনিটে হজম করেছে আরও দুই গোল। একটা সময় মনে হচ্ছিল, বারিধারার কাছে না পয়েন্ট হারিয়েই বসে মারুফুল হকের দল।
১ গোলে পিছিয়ে থাকা চট্টগ্রাম আবাহনী ম্যাচে ফেরে ২০ মিনিটে। মোনায়েম রাজুর কর্নার থেকে দুর্দান্ত এক হেডে দলকে সমতায় ফেরান রাকিব। আর ৪০ মিনিটে নিক্সন এগিয়ে নেন চট্টগ্রাম আবাহনীকে। ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার নাসির গোলপোস্ট লক্ষ্য করে নিয়েছিলেন জোরালো শট।
তবে বলটি গিয়ে পড়ে বক্সের সামনে দাঁড়ানো নিক্সনের সামনে। দুর্দান্ত গতিতে আসা বলটিকে আলতো করে দিক বদলে জালে ঢুকিয়ে দেন নিক্সন।
দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়িয়েছে চট্টগ্রাম আবাহনী। ৫১ মিনিটে চিনেদু ম্যাথিউর করা গোলটি ছিল দর্শনীয়। মাঝমাঠ থেকে নেওয়া নিক্সনের থ্রু পাস থেকে জোরালো শটে বারিধারার গোলরক্ষক মিতুল মারমার মাথার ওপর দিয়ে ম্যাথিউ বল তুলে দেন জালে (৩–১)।
৫৬ মিনিটে রাকিবই পেতে পারতেন গোল। বক্সে ঢুকে পোস্টে বেশ জোরালো একটা শটও নিয়েছিলেন জাতীয় দলের এই ফরোয়ার্ড, কিন্তু বারিধারার ডিফেন্ডার ফজিলভ বল ক্লিয়ার করতে গিয়ে ঢুকিয়ে দেন জালে। এভাবে পিছিয়ে পড়েও কখনো হাল ছাড়েনি বারিধারা, বরং বারবার আক্রমণে উঠে ম্যাচে ফেরার চেষ্টা করেছে। ম্যাচের শেষ দিকে যেন আক্রমণে ওঠার চেয়ে রক্ষণ সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে চট্টগ্রাম আবাহনীকে। বারবার আক্রমণের ফসল পেয়েছেও বারিধারা। ৭৩ মিনিটে মোস্তফার পাসে সুমন রেজার শটে বারিধারার স্কোর হয় ৪–২। এরপর ৮০ মিনিটে বারিধারার বদলি ফরোয়ার্ড রাশেদুল ইসলাম করেন ৪–৩।
১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এল চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে ১৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দশম স্থানে বারিধারা।