কমলাপুরের টার্ফের এখনই এই হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা কৃত্রিম টার্ফে অন্তত ৮-১০ বছর খেলা চলতে পারে। তার আগে সেটিকে বাতিলের খাতায় ফেলা যায় না। অথচ কমলাপুর স্টেডিয়ামে বসানো টার্ফটি অত দিন পর্যন্ত টিকবে কি না ঘোর সংশয়। দেড় বছরেই এটির অবস্থা খারাপ হয়ে গেছে। ঘাসের নিচে কালো রঙের দানাযুক্ত যে রাবারের উপাদানগুলো থাকে, সেগুলো ঘাসের ওপর ছড়িয়ে পড়েছে আগেই। ফলে টার্ফের কিছু অংশ আসল রং হারিয়েছে।
বাফুফে বলছে, এটা বড় কোনো সমস্যা নয়। যদিও ফুটবলাররা এই টার্ফে খেলতে অস্বস্তি বোধ করেন। অনেকে বলছেন, এই টার্ফে চোটের আশঙ্কা থেকেই যাচ্ছে। তা ছাড়া আরও কিছু সমস্যা দেখা দিয়েছে। যেমন দেবে গেছে মাঠের বাইরে একটা অংশ। বারপোস্টও বসানো হয়েছে ত্রুটিযুক্তভাবে।
এসব সমস্যা কাল সরেজমিন দেখলেন ফিফার টার্ফ পরামর্শক প্রকাশ খানালকার। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন তিনি। দেড় বছরের মধ্যে ফিফার কোনো টার্ফ পরামর্শকের এটি দ্বিতীয় সফর বাংলাদেশে। শুধু দেখাই নয়, বাফুফের চাহিদা মেনে কমলাপুর স্টেডিয়ামের জন্য সাইড বেঞ্চ এবং ভালো মানের কর্নার পতাকাস্ট্যান্ডও পাঠিয়েছে ফিফা।
তবে টার্ফের অবস্থা খারাপের দিকে গেলেও খেলা বন্ধ থাকছে না। ২৯ সেপ্টেম্বর এই টার্ফেই পেশাদার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ শুরু হওয়ার কথা।