ডাগ-আউটে ফ্যাকাশে মুখে বসে ছিলেন কোচ জসীমউদ্দিন জোসি। পাশেই হতাশায় মুহ্যমান জুয়েল রানা, তৌহিদুল, মালেকরা। প্রিমিয়ার লিগে কাল ব্রাদার্সের কাছে ১-০ গোলের হেরে গেছে মোহামেডান। শেখ রাসেলের পর ব্রাদার্সের কাছেও হার কিছুতেই মানতে পারছিলেন না এই তরুণ ফুটবলাররা।
৮৫ মিনিট পর্যন্ত গোলের দেখা নেই। পরের মিনিটেই প্রতি-আক্রমণ থেকে গোল। কমলা দলের অধিনায়ক কেস্টার আকনের জোরালো শট ফিরিয়েও শেষ রক্ষা করতে পারেননি মোহামেডানের গোলরক্ষক নেহাল। ফিরতি বল বক্সে অরক্ষিত হাইতিয়ান ফরোয়ার্ড অগাস্টিনের আলতো টোকায় জালে (১-০)।
প্রথম দুই ম্যাচে জয়। শেখ রাসেলের কাছে আগের ম্যাচে হারলেও ভালোই খেলেছিল মোহামেডান। কিন্তু কাল সাদা-কালোরা নিষ্প্রভ। জোসির জানা আছে কারণটা, ‘তিন দিনের ব্যবধানে বড় দুটি ম্যাচ খেলার চাপ নেওয়ার ক্ষমতা নেই এই ছেলেদের।’ পাশাপাশি বিদেশি ফুটবলারদের মান নিয়েও প্রশ্ন তুললেন, ‘এই ম্যাচে দুই দলের ব্যবধান গড়ে দিয়েছে বিদেশিরাই। ব্রাদার্সের চেয়ে আমাদের বিদেশিরা অনেক পিছিয়ে।’
ব্রাদার্সের সঙ্গে হার মানতে পারছেন না জোসি, ‘এটা সত্যি যে মোহামেডান এবার চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়েনি। কিন্তু ব্রাদার্সের সঙ্গে জিতব বলেই আশা করেছিলাম। ছেলেরা সব বিভাগেই ব্যর্থ। আমি ওদের পারফরম্যান্সে খুব হতাশ।’
পুরো ম্যাচে মাঝমাঠেই যা একটু খেলেছে দুই দল। কিন্তু গোলমুখে গিয়ে সমানে খেই হারিয়ে ফেলেছে। ১৮ মিনিটে এগিয়ে যেতে পারত ব্রাদার্স। কিন্তু অগাস্টিনের শট দারুণ দক্ষতায় রুখে দেন মোহামেডান গোলরক্ষক নেহাল। ৫২ মিনিটেও নায়ক সেই নেহাল। এবারও অগাস্টিনের ক্রস থেকে জিতুর শট কর্নারের বিনিময়ে ফেরান এই গোলরক্ষক। শেষ দিকে আর পারলেন না।
ব্রাদার্স পুরো তিন পয়েন্টই ঘরে তুলেছে সুযোগ কাজে লাগিয়ে। কোচ সৈয়দ নঈমুদ্দিন খেলোয়াড়দেরই দিলেন সব কৃতিত্ব, ‘এই জয় খেলোয়াড়ড়ের চেষ্টারই ফসল। সব কৃতিত্ব ওদেরই। ওরা কঠোর পরিশ্রম করেছে, মাঠে নিজেদের প্রমাণ করেছে।’
এই জয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এল ব্রাদার্স। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চমে মোহামেডান।
রহমতগঞ্জের জয়
লড়াইটা ছিল দুই গঞ্জের। পুরান ঢাকার ‘ডার্বি’তে শেষ পর্যন্ত ফরাশগঞ্জকে ২-০ গোলে হারিয়ে লিগের প্রথম জয় পেল রহমতগঞ্জ। ১৩ মিনিটে প্রথম গোল সলোমনের, ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান নুরুল আবসার। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় সপ্তম স্থানে রহমতগঞ্জ। নবম স্থানে থাকা ফরাশগঞ্জের ঝুলি এখন পর্যন্ত পয়েন্টশূন্য।