কমিটি হয়নি বলে খেলাই বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর লিগ কমিটি অফিসে গেলে এখন যে কারোই ভালো লাগবে। ভাঙাচোরা চেয়ার-টেবিল বিদায় নিয়ে মোটামুটি ভালো মানের আসবাব এসেছে। কর্তাদের কক্ষসহ বাকি সব নতুনভাবে সেজেছে। মেঝেতে বসেছে টাইলস। যুগের সঙ্গে তাল মেলাতে গেলে এসব তো দরকার।

কিন্তু খেলাটা ঠিকঠাক হচ্ছে কি না, সেটিই বড় প্রশ্ন। না, খেলা নিয়মিত হচ্ছে না। গত এপ্রিলে ফেডারেশনের নির্বাচনের পর এক ফুৎকারে সব উচ্ছ্বাস হাওয়া! ছয় মাস পেরোলেও এখন পর্যন্ত ঢাকা মহানগরের নিচের দিকের কোনো লিগ হয়নি। ২০১৬ সালের ১০ মাসের হিসাব করলে দেখা যাবে, এই লম্বা সময়ে শুধু তৃতীয় বিভাগ হয়েছে!

তৃণমূলের ফুটবল কতটা অবহেলিত, তা বোঝাতে আর কোনো পরিসংখ্যান ঘাঁটার দরকার নেই। এই দিকটায় নীতিনির্ধারকদের নজরই নেই। লিগ কমিটি অনুমোদন হয়নি গত ছয় মাসেও। এ কারণেই নাকি খেলা বন্ধ!

এবার মহা ধুমধামে বাফুফের নির্বাচনের পর ধারণা করা হচ্ছিল, ফুটবলে একটা কর্মযজ্ঞই চলবে। মহানগর লিগ কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বাফুফের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। কাজী সালাউদ্দিন ২০০৮ সালে সভাপতি হওয়ার পরও ওই দায়িত্বটা প্রথম পান এই অভিজ্ঞ সংগঠক।

আবারও পুরোনো দায়িত্ব পেয়ে গত ছয় মাসে শুধু অফিস সংস্কার ছাড়া আর কোনো কাজ করতে পারেননি হারুনুর রশিদ। কেন পারেননি দিলেন সেই ব্যাখ্যা, ‘লিগ চালাতে লিগ কমিটি লাগবে। কমিটির চেয়ারম্যান হিসেবে আমি পূর্ণাঙ্গ একটা কমিটি করে বাফুফের কাছে অনুমোদনের জন্য জমা দিয়েছি বেশ আগেই। কিন্তু সেটা অনুমোদন হয়নি। ৩০ অক্টোবর ফেডারেশনের সভায় ওটা অনুমোদন হওয়ার কথা আছে।’ ছয় মাসেও কমিটি হলো না, অথচ অফিসে সংস্কার ঠিকই হলো! হারুনুর রশিদ বলছেন, ‘সেটাও তো হয়েছে আমারই উদ্যোগে।’

শুধু মহানগর লিগ কমিটি নয়, এপ্রিলের নির্বাচনের পর কোনো পূর্ণাঙ্গ কমিটিই এখনো হয়নি বাফুফের। অনেক কমিটির চেয়ারম্যানরা কমিটি বানিয়ে জমা দিয়েছেন, কেউ কেউ সেটাও করেননি। কমিটি ৯ সদস্যের হওয়ার নিয়ম গঠনতন্ত্রে থাকলেও কেউ ১৩ জন নিচ্ছেন, কেউ ১৪ জন। অর্থাৎ নিয়মকানুন নেই বাফুফেতে, যে কারণে কমিটি নিয়ে এমন বিস্ময়কর দীর্ঘসূত্রতা।

অথচ কর্তারা নির্বাচনে লাখ লাখ টাকায় ভোট কিনছেন। কিন্তু ভোটে জেতার পর তাঁরা গয়ংগচ্ছ মনোভাব দেখাতে শুরু করেন। আর কোনো কিছু নিয়ে তাড়া নেই, ঢিলেঢালা মানসিকতাই চলছে। যার মূল্য গুনে ভুটানের মতো দলের কাছে হেরে এখন হারে বাংলাদেশ জাতীয় দল!

তবে হারুনুর রশিদ জানালেন, পূর্ণাঙ্গ মহানগর লিগ কমিটি হলে তাঁরা তিন বছর ধরে বন্ধ দ্বিতীয় বিভাগ শুরু করবেন। হাত লাগাবেন অন্যসব লিগেও। সেটা খুব জরুরি হয়েছে পড়েছে। কারণ, তৃণমূলে কোনো লিগই নিয়মিত নয়। একমাত্র পাইওনিয়ার লিগ গত আট বছরে ছয়বার হয়েছে, গত চারটি হয়েছে সরাসরি বাফুফের অধীনে। বাকিগুলো লিগ কমিটির অধীনে।

এই কিশোর লিগটা মোটামুটি নিয়মিত হওয়ার কৃতিত্ব দাবি করতে পারেন বাফুফে সদস্য ও সাবেক গোলরক্ষক বিজন বড়ুয়া। সেই বিজনই এবার লিগ কমিটির কো-চেয়ারম্যান পদ থেকে অপসারিত! নির্বাচনে সালাউদ্দিনের পরিষদেও তাঁকে রাখা হয়নি! ‘বাঁচাও ফুটবল’ পরিষদ থেকে নির্বাচন করে বিজন জিতে এসেছেন তৃণমূলের ভোটেই।

বাফুফেতে কমিটি নিয়ে কাড়াকাড়ি চলে, খেলাটা থেকে যায় আড়ালে। তাই তৃণমূলের এই বেহাল দশা!

গত সাড়ে আট বছরে কোন টুর্নামেন্ট কতবার

সিনিয়র ডিভিশন

২০০৮, ২০১০, ২০১২, ২০১৪

দ্বিতীয় বিভাগ

২০০৮, ২০১২, ২০১৩

তৃতীয় বিভাগ

২০০৯, ২০১১, ২০১৩, ২০১৫, ২০১৬

পাইওনিয়ার লিগ

২০০৮, ২০১০-১১, ২০১২, ২০১৩,

২০১৪, ২০১৫