কম্বোডিয়া-মালদ্বীপের জয়ের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেন ট্রেন ধরার তাড়া ছিল মালদ্বীপের কোচ রিকি লয়েড হার্বার্টের। সংবাদ সম্মেলেন এসেই তাড়াতাড়ি অনুশীলনে যেতে চাইছিলেন। কম্বোডিয়ার সঙ্গে ম্যাচ দিয়ে যশোরে আজ বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টের অভিযান শুরু করবে মালদ্বীপ। অনূর্ধ্ব-২৩ দল নিয়ে এবার খেলতে এসেছেন কোচ। এই দলে আছেন সর্বশেষ সাফে খেলা পাঁচজন। টুর্নামেন্টে নির্দিষ্ট চাওয়া নেই, তবে ‘জয় দিয়েই টুর্নামেন্ট শুরু’র আশা তাঁর। এই দলটা তারুণ্যনির্ভর। তাঁর ছেলেদের জন্য এটা নিজেদের প্রমাণের একটা ভালো সুযোগ। এসএ গেমসের প্রস্তুতিও এই টুর্নামেন্টের মাধ্যমে সেরে নিতে চায় মালদ্বীপ।   

মালদ্বীপের কোচ তো তা-ও এসেছেন, কম্বোডিয়া দলের কোচ সরাসরি অনুশীলনে চলে গেছেন। তাঁর হয়ে ম্যানেজার পিসেথ চ্যাং যা বলেছেন তা আশায় উদ্দীপ্ত, ‘এই টুর্নামেন্টে আসতে পেরে খুব খুশি আমরা। বিশ্বকাপ বাছাই খেলে এসেছি, যদিও বেশ কয়েকজন আসেনি। ওরা কম্বোডিয়ায় একটা চ্যারিটি টুর্নামেন্টে খেলছে। এখানে যারা এসেছে তাদের নিয়েই ভালো কিছু করতে চাই।’

আজকের ম্যাচ দেখতে অবশ্য কোনো টিকিট লাগবে না। স্টেডিয়ামের সব দুয়ারই থাকবে উন্মুক্ত।