কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশে কারা?

>কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় পাঁচ মাস পর আজ আন্তর্জাতিক ফুটবল খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নমপেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫ টায়।
বাংলাদেশ কেমন খেলবে, জিতবে না হারবে , স্বাগতিক কম্বোডিয়ার কৌশলই-বা কেমন হবে— আপাতত এসব প্রশ্ন কেউ করছে না। নমপেনের ম্যাচটার আগে প্রশ্ন একটাই, বাংলাদেশের গোলপোস্ট সামলাবেন কে ?
খুব সাম্প্রতিক কালে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নিয়ে যতটা না আলোচনা-সমালোচনা হয়েছে , এর অনেক বেশি গোলরক্ষক নিয়ে। না হয়ে কি আর উপায় আছে ! দীর্ঘদেহী গোলরক্ষক শহিদুল আলম সোহেলের হাস্যকর ভুলে ঘরের মাঠে সাফের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টের আগে নীলফামারীতে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও সোহেলের হাস্যকর ভুলের খেসারত দিতে হয়েছে। তবুও জাতীয় দলের একাদশে আবাহনী গোলরক্ষকের নামটাই বিবেচনায় আসে আগে। তবে বিশ্বস্ত সূত্র অনুযায়ী আজ আর সে পথে হাটতে যাচ্ছেন না বাংলাদেশ কোচ জেমি ডে।
কম্বোডিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ বাংলাদেশের গোলপোস্ট সামলাবেন আশরাফুল রানা। প্রিমিয়ার লিগে শেখ রাসেলের এই গোলরক্ষক ৯ ম্যাচে হজম করেছে মাত্র চার গোল। রানা বাদে বাকি দশজন কারা ? স্বাভাবিকভাবে ঘুরে ফিরে সে একই মুখগুলো থাকবে। তবে বাংলাদেশ একাদশে আজ প্রথমবারের মতো জায়গা করে নিতে যাচ্ছেন ফরোয়ার্ড মতিন মিয়া।
৪-৩-৩- ফরমেশনে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
আশরাফুল রানা ( গোলরক্ষক) ; ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ , ইয়াসিন খান, সুশান্ত ত্রিপুরা ; মাঝমাঠ : জামাল ভূঁইয়া, আতিকুর রহমান ফাহাদ ও মাসুক মিয়া জনি ; আক্রমণভাগ: নাবিব নেওয়াজ জীবন , বিপলু আহমেদ ও মতিন মিয়া।
