কয়েক সেকেন্ডের ফুটবল ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়ম না বোঝায় রেফারিকে নিজেকেই দেখতে হচ্ছে লালকার্ড! ব্যঙ্গচিত্র।
নিয়ম না বোঝায় রেফারিকে নিজেকেই দেখতে হচ্ছে লালকার্ড! ব্যঙ্গচিত্র।

মাত্র কয়েক সেকেন্ড! মাত্র কয়েক সেকেন্ডের জন্য আবার খেলা হবে একটি ফুটবল ম্যাচ। রেফারির ভুলের কারণে ঘটতে চলেছে এমনটি। উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে ইউরো অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ইংল্যান্ড-নরওয়ে ম্যাচে ঘটেছে এই ঘটনা।
৯০ মিনিটের খেলা যখন শেষ হয় স্কোরলাইনে তখন ২-১ ব্যবধানে এগিয়ে নরওয়ে। যোগ করা হয় আরও ৬ মিনিট। সেই ছয় মিনিটও যখন অন্তিম পর্যায়ে, একটি পেনাল্টি পেয়ে যায় ইংলিশ মহিলা দল। সেই পেনাল্টি থেকে গোলও করেন ইংল্যান্ডের লিয়াহ উইলিয়ামসন। কিন্তু জার্মান রেফারি মারিয়া কুর্তেস গোলটি বাতিল করে দেন। কারণ কিকটি নেওয়ার আগেই অপর এক ইংলিশ খেলোয়াড় বক্সের ভেতরে চলে এসেছিল। নিয়ম অনুযায়ী তখন আরও একবার পেনাল্টি দেওয়ার কথা। কিন্তু সেটা না করে কুর্তেস খেলা শেষের বাঁশি বাজিয়ে দেন। জয়ী হয়ে মাঠ ছাড়ে নরওয়ের নারীরা।

কিন্তু ৮ এপ্রিল নিজেদের ওয়েবসাইটে ইউরো ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা একটি বিবৃতি দিয়েছে। যেখানে জানানো হয়েছে যে আবার খেলার আয়োজন করা হবে ইংল্যান্ড এবং নরওয়ের মধ্যে। ফুটবলের আইন এবং নিয়ম পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে পুরো ম্যাচ নয়। সেদিন যেখানে রেফারি খেলা শেষের ঘোষণা দিয়েছিলেন, খেলা শুরু হবে সেখান থেকেই। অর্থাৎ ইংল্যান্ডের পেনাল্টি কিক দিয়েই খেলা শুরু হবে। সে হিসেবে পেনাল্টির পরে খেলার স্থায়ীত্ব হবে মাত্র কয়েক সেকেন্ড। ইংল্যান্ড যদি গোল করতে পারে, তাহলে পরিবর্তিত হবে খেলার ফলও। কারণ চূড়ান্ত স্কোরলাইন তখন হবে ২-২। উয়েফা এও জানিয়েছে, সেদিনের ম্যাচের রেফারিকেও বাকি টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ম্যাচ পরিচালনা করবেন, আর নিয়ম জানবেন না-এ কি পাড়ার ফুটবল! সূত্র: এএফপি।