কর ফাঁকি দিয়েছেন মাচেরানোও

লিওনেল মেসির কর-সংক্রান্ত জটিলতার এখনো নিরসন হয়নি। সর্বশেষ এ জটিলতায় পড়লেন হাভিয়ের মাচেরানোও। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা স্বীকারও করেছেন, দুই দফায় মোট ১৫ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন।
মাচেরোনা আজ বৃহস্পতিবার ব্যক্তিগত আইনজীবী নিয়ে হাজির হয়েছিলেন স্পেনের একটি আদালতে। আদালত ভবনে ছিলেন ৫৫ মিনিট। তবে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। আদালত সূত্র জানিয়েছে, ‘দুই দফা কর ফাঁকির ব্যাপারটি মাচেরানো স্বীকার করে নিয়েছেন। এ কারণে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়নি।’
যুক্তরাষ্ট্র ও পর্তুগালের দুই কোম্পানির কাছে ইমেজ স্বত্ব বিক্রির পর ২০১১ সালে ৫ লাখ ৮৭ হাজার ও ও ২০১২ সালে ৯ লাখ ৬৮ হাজার ইউরো কর ফাঁকি দিয়েছিলেন বার্সার ডিফেন্সিভ মিডফিল্ডার। আইনজীবীদের পরামর্শ অনুযায়ী, সুদসহ সেই ফাঁকি দেওয়া করের ১৭ লাখ ইউরো পরিশোধও করেছেন। তবে আদালতে হাজিরা থেকে রেহাই মেলেনি আর্জেন্টিনা তারকার।
কদিন আগে এইবারের বিপক্ষে লাল কার্ড দেখে নিষিদ্ধ হয়েছেন দুই ম্যাচ। এখন আবার কর-ফাঁকি মামলায় আদালতে হাজিরা—সময়টা খারাপই যাচ্ছে বার্সা তারকার। সূত্র: এএফপি ও মার্কা।