করগ্রাম-কলসিন্দুর সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপে চ্যাম্পিয়ন করগ্রাম ছবি: বাফুফের সৌজন্যে
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপে চ্যাম্পিয়ন করগ্রাম ছবি: বাফুফের সৌজন্যে

হাতে ধরা ট্রফি। শূন্যে উড়তে থাকা কনফেত্তির সঙ্গে যেন উড়তে চাইছিল কলসিন্দুর স্কুলের মেয়েরাও। বাংলাদেশের মহিলা ফুটবলে যে বিপ্লবই ঘটিয়ে ফেলেছে দলটি! ময়মনসিংহের ধোবাউড়ার প্রত্যন্ত গ্রামের এই স্কুল আবারও জিতেছে বঙ্গমাতা গোল্ডকাপ স্কুল ফুটবল টুর্নামেন্টে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল ফাইনালে রোজিনার একমাত্র গোলে রংপুরের পলিচড়া স্কুলকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে কলসিন্দুর স্কুল। আর কক্সবাজারের ফয়জুন্নেসা স্কুলকে ৩-০ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের নতুন চ্যাম্পিয়ন হয়েছে সিলেটের করগ্রাম সরকারি প্রাথমিক স্কুল। গোল তিনটি করেছে নাজিম, জিয়া ও মামুন।
কলসিন্দুর গ্রাম যেন দিনে দিনে হয়ে উঠেছে মহিলা ফুটবলের উর্বর ভূমি। এই গ্রামের ১০ ফুটবলার সম্প্রতি সুযোগ পেয়েছে জাতীয় অনূর্ধ্ব-১৪ দলে। এর আগে অনূর্ধ্ব-১৬ দলে খেলেছিল কলসিন্দুর স্কুলের তিন কন্যা—সানজিদা, শিউলি ও কল্পনা। স্থগিত হওয়া ইন্দো-বাংলা গেমসের দলেও সুযোগ পেয়েছিল পাঁচ ফুটবলার।
২০১০ সালে ছেলেদের বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট শুরু হলেও পরের বছর থেকে শুরু হয় বঙ্গমাতা ফজিলাতুন্নেসার নামে প্রতিযোগিতা। প্রথম দুই আসরে প্রথম রাউন্ডেই বাদ পড়েছিল কলসিন্দুর স্কুল। এর পর থেকেই শুরু তাদের জয়যাত্রার। কালকের সাফল্যের পর উচ্ছ্বসিত কোচ মফিজ উদ্দিন বলছিলেন, ‘এই জয়ের আনন্দ আমাদের এলাকার সবার। ময়মনসিংহের কোথাও মেয়েরা খেলতে গেলে মাঠে দর্শকের অভাব হয় না। এমনকি অনুশীলনের উদ্দেশ্যে কোনো গাড়িতে উঠলে ভাড়া পর্যন্ত নিতে চান না ড্রাইভাররা। এদের এতটাই ভালোবাসে সবাই।’

কলসিন্দুর স্কুল দল l ছবি: বাফুফের সৌজন্যে
কলসিন্দুর স্কুল দল l ছবি: বাফুফের সৌজন্যে

করগ্রাম স্কুলের এটাই প্রথম শিরোপা বলে আনন্দটা তাদের একটু বেশিই। দলকে চ্যাম্পিয়ন করতে পেরে ফুটবলারদের চেয়েও বেশি খুশি মনে হলো কোচ এনাম আহমেদকে। সিলেটের প্রথম বিভাগের দল গ্লোরিয়ার্স ক্লাবে খেলেছেন। স্বপ্ন ছিল, জাতীয় দলে খেলার। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলার। কিন্তু হাঁটুর চোটে অকালেই শেষ হয়ে যায় তাঁর ক্যারিয়ার। নিজে কখনো খেলার সুযোগ পাননি বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তাঁর শিষ্যরা শুধু খেললই না, প্রথমবার খেলতে নেমেই হয়ে গেল চ্যাম্পিয়ন। প্রায় ৬-৭ মাস দলকে অনুশীলন করিয়েছেন এনাম। নিজেদের স্কুলের কোনো মাঠ নেই। অনুশীলন করতে যেতে হয় ১২ কিলোমিটার দূরে জৈন্তা হাইস্কুল মাঠে। কখনো যাওয়ার ভাড়াও জুটত না তাদের। এত কষ্ট করেছেন বলেই এনামের আনন্দটাও বেশি, ‘আমি ফুটবল খেলে কখনো এত আনন্দ পাইনি। আমার জীবনের সেরা অর্জন এটা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলে ছেলেরা চ্যাম্পিয়ন হয়েছে, আনন্দটা এ জন্যই বেশি।’
প্রতিবছরের মতো এবারও ঢাকার আশপাশের স্কুলগুলো থেকে বাসভর্তি করে আনা হয়েছিল ছাত্রছাত্রীদের। জ্যৈষ্ঠের কাঠফাটা রোদের মধ্যে খেলা দেখার চেয়ে পিপাসা মেটাতেই ব্যস্ত ছিল সবাই। খেলার সঙ্গে অবশ্য বিনোদনও ছিল তাদের জন্য। ৫০ মিনিটের দুটি ফাইনালের আগে-পরে এবং ম্যাচের বিরতির সময় আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের।