করোনার ভালো দিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>করোনার অপ্রত্যাশিত ছুটি এনে দিয়েছে ভালো সময় কাটানোর সুযোগ
স্ত্রী ও সন্তানের সঙ্গে বার্সেলোনার গোলরক্ষক টের স্টেগেন। ছবি: ইনস্টাগ্রাম
স্ত্রী ও সন্তানের সঙ্গে বার্সেলোনার গোলরক্ষক টের স্টেগেন। ছবি: ইনস্টাগ্রাম

করোনায় ঘরবন্দী করে রেখেছে পুরো পৃথিবীর মানুষকে। কবে এই বন্দী দশা থেকে মুক্তি মিলবে, সেই আশায় বুকে বেঁধে আছেন প্রায় সবাই। সময় যেন কাটে না.... । কিন্তু এই করোনায় ঘরবন্দী থাকার ভালো দিকও তো আছে। যেটা উপভোগ করছেন বার্সেলোনার গোলরক্ষক টের স্টেগেন। অপ্রত্যাশিত ছুটিতে পুরোপুরি পিতৃত্বের স্বাদ উপভোগ করছেন লিওনেল মেসির এই সতীর্থ। গত বছর ডিসেম্বরের শেষ দিকে প্রথম বাবা হয়েছেন। তিন মাসের ছেলের সঙ্গে এখন দিব্যি সময় কাটাচ্ছেন জার্মানির গোলরক্ষক।

অনুশীলন ও খেলা নিয়ে কতই না ব্যস্ত থাকতে হয় বার্সা গোলরক্ষককে। আজ লা লিগা তো আরেক দিন চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। শিশু সন্তানকে কাছে পাওয়ার ব্যাকুলতা থাকলেও পেশাদারির কাছে হার তো মানতেই হয়। অপ্রত্যাশিতভাবে ‘উপকার’ করে দিয়েছে করোনা। স্পেনে গৃহবন্দী থাকা অবস্থায় স্ত্রী ও তিন মাসের ছেলের সঙ্গে আমুদে ছুটি কাটাচ্ছেন ২৭ বছর বয়সী গোলরক্ষক। তাই তো বলতে পারেন করোনা ভাইরাসের ভালো দিকও আছে, ‘প্রত্যেকটা খারাপ সময়ে এমনকি করোনাভাইরাসের মতো মহামারির সময়েও ভালো দিক রয়েছে।’

স্ত্রী দানিয়েলাকে সঙ্গী করে কীভাবে সন্তান সামলাচ্ছেন, বার্সেলোনার ভিডিওতে শুনিয়েছেন স্টেগেন, ‘এখন আমরা পরিবারের সঙ্গে থাকতে পারছি। সে (বাচ্চা) খুব দ্রুত বেড়ে উঠছে। ওর সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে। প্রথম দিকে ঘুমানো খুব সমস্যা হতো বলে কাজটি চ্যালেঞ্জিং ছিল। আমরা একটি উপায় খুঁজে বের করেছি এবং এখন আমি আর দানি (স্ত্রী) মিলে কাজটা খুব ভালো করছি।’

স্ত্রীর সঙ্গে একদিন পালা করে রাত জেগে ছেলেকে ঘুম পাড়াচ্ছেন তিনি, ‘সাধারণত এটি দানি করে। তবে এখন যেহেতু আমি বাড়ি আছি, আমিও করছি। ও আমাকে সহযোগিতা করছে। সে আমাকে বলেছিল, একদিন আমি আরেক দিন সে করতে পারে। একটি রাত তেমন কিছু নয়। বাচ্চা ঘুমিয়ে গেলে আর কোনো সমস্যাই থাকে না।’

পেশাদার ফুটবলার মানেই সারা বছরের ব্যস্ততা। আর বার্সেলোনা ও জার্মানি জাতীয় দলের গোলরক্ষক হলে তো দম ফেলানোর ফুসরত পাওয়া যায় না সহজে। এবার সুযোগ পেয়ে পরিবারের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন স্টেগেন, ‘আমি ভালো আছি, পরিবারও ভালো আছে। আমরা সবাই যেমন থাকি, সেভাবেই বাসায় আছি। সবারই উচিত পরিবাররে সঙ্গে সময় কাটানো। মজাদার কোনো পরিস্থিতি না হলেও কিছুটা ভালো সময় পার করছি।’