করোনার শিকার 'শিকারি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার নরমান হান্টার। রয়টার্স ফাইল ছবি
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার নরমান হান্টার। রয়টার্স ফাইল ছবি

নাম তাঁর নরমান হান্টার। হান্টার, যে ইংরেজি শব্দটির মানে করলে দাঁড়ায় শিকারি। করোনাভাইরাসের কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেছেন ইংল্যান্ডের হয়ে ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী এই ‘শিকারি’।

২০ বছরের ফুটবল ক্যারিয়ারে দারুণভাবে সামলেছেন ইংল্যান্ড ও লিডসের রক্ষণ। হান্টারকে পরাজিত করে লিডস বা ইংল্যান্ডের জালে বল পাঠানো ছিল বেশ কঠিন। সেই সময়ের সেরা সব ফরোয়াডর্রা তাঁর ভয়ে ছিলেন ভীত। লিডসের সমর্থকদের কাছ থেকে তো ডাকনামই পেয়ে গিয়েছিলেন, ‘বাইটস ইওর লেগস’ হান্টার! লিডসের ম্যাচের দিন গ্যালারি ভরে যেত ‘নরমান বাইটস ইওর লেগস’ ব্যানারে।

কঠিন সেই নরমান হান্টার ট্যাকল করতে পারলেন না করোনাকে। হাসপাতালে করোনার সঙ্গে এক সপ্তাহের লড়াইয়ের শেষ হয়েছে হান্টারের মৃত্যুতে। সব ডিফেন্স চিরে চলে গেলেন তিনি না ফেরার দেশে।

লিডস ইউনাইটেডে ১৫ বছরে ৭২৬টি ম্যাচ খেলা হান্টার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এ মাসের শুরুর দিকে। ১৯৬৫ থেকে ১৯৭৪, ইংল্যান্ডের হয়ে এই ৯ বছরে ২৮টি ম্যাচ খেলা হান্টারের মৃত্যুতে গভীরভাবে শোকাহত দেশটির ফুটবল ফেডারেশন আর লিডস ইউনাইটেড। এক বিবৃতিতে লিডস লিখেছে, ক্লাবের কর্মকর্তার আর সমর্থকেরা একদম ভেঙে পড়েছেন।