করোনায় নির্বাচন নয়, বাফুফেকে ফিফার বার্তা

>করোনা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশেনর নির্বাচন না করার পরামর্শ দিয়েছে ফিফা।
করোনা-সংকটের মধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে আছে দেশের ফুটবলাঙ্গন। অভিযোগ উঠেছে যত দ্রত সম্ভব নির্বাচন করতে চায় বাফুফে। তবে করোনাভাইরাস পরিস্থিতি ভালো না হওয়ার আগ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত করা ঠিক হবে না বলে জানিয়েছে ফিফা। বিশ্ব ফুটবল সংস্থা থেকে গতকাল এমন নির্দেশনায় পেয়েছে বাফুফে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম প্রথম আলোকে বলেন,' ফিফার কাছ থেকে আমরা একটি চিঠি পেয়েছি মঙ্গলবার। ফিফা বলেছে, 'বাংলাদেশের করোনা পরিস্থিতি ভালো না হওয়ার আগ পর্যন্ত নির্বাচন আয়োজন করা উচিত হবে না। এছাড়া এজিএম ও নির্বাচনের ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করা হলে তাদের যেন জানানো হয়।'
নির্বাচনের জন্য কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৭ জুন। করোনার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না করা এবং কাউন্সিলরশিপ জালিয়াতিসহ আরও কয়েকটি অভিযোগ জানিয়ে ফিফায় চিঠি পাঠিয়েছিলেন বাফুফের বর্তমান সহসভাপতি বাদল রায় ও মহিউদ্দিন আহমেদ। সেই চিঠির পর গোটা ব্যাপারটা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বিশ্ব ফুটবলে সর্বোচ্চ সংস্থাটি। ফিফা বলেছে, নির্বাচনের কিছু বিষয় নিয়ে বাংলাদেশ থেকে অনেকেই যোগাযোগ করেছে তাদের সঙ্গে ( ফিফা)।
গত ২০ এপ্রিল বাফুফের নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যায়। আগামী নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত বাফুফের বর্তমান কমিটিকেই দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে ফিফা। যে কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে শেষ ৩০ এপ্রিল।