করোনা ছড়িয়ে পড়েছে রিয়াল মাদ্রিদে
এ মৌসুমে রিয়াল মাদ্রিদকে নিয়ে খুব একটা আশায় ছিলেন না সমর্থকেরাও। জিনেদিন জিদান বিদায় নিয়েছেন, ওদিকে দলের যে মূল সমস্যা, সেটিও পূরণ হয়নি। বহু চেষ্টাতেও দলে কোনো গোলশিকারি আনতে পারেনি দলটি। সাবেক কোচ কার্লো আনচেলত্তির ফেরাটাও দল নিয়ে সমর্থকদের খুব একটা আশান্বিত করতে পারেনি। সে দলই লা লিগার মাঝপর্যায়ে এসে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে। চ্যাম্পিয়নস লিগেও শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে তারা।
দুর্দান্ত ছন্দে থাকা রিয়াল মাদ্রিদ মৌসুমের প্রথম বড় ধাক্কাটা খেয়েছে গতকাল। প্রতিদ্বন্দ্বী দলগুলো নয়, রিয়ালকে থমকে দিয়েছে করোনাভাইরাস। গতকালই জানা গেছে, করোনায় আক্রান্ত হওয়ায় ২০২১ সালে আর কোনো ম্যাচ খেলা হচ্ছে না লুকা মদরিচ ও মার্সেলোর। তবে রিয়ালের বিপদ আরও বাড়ছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ভোজপোপুলি জানিয়েছে, রিয়ালের অন্তত আরও পাঁচ খেলোয়াড় আক্রান্ত হয়েছেন করোনায়।
ইউরোপে আবারও করোনার প্রকোপ বেড়েছে। গত সপ্তাহে খেলোয়াড়–সংকটে পড়ায় কনফারেন্স লিগে রেনের বিপক্ষে ম্যাচ বাতিল করেছে টটেনহাম। সপ্তাহের শুরুতে ব্রাইটনের বিপক্ষেও খেলতে পারেনি টটেনহাম। এই সপ্তাহেই ম্যানচেস্টার ইউনাইটেড-ব্রেন্টফোর্ড ম্যাচ পেছানো হয়েছে কিছু খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ায়। গতকাল বার্নলি-ওয়াটফোর্ড ম্যাচও পেছানো হয়েছে ওয়াটফোর্ডের খেলোয়াড়ের করোনা ধরা পড়ায়। এক সপ্তাহেই ৪২ খেলোয়াড় ও কর্মকর্তার করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
এদিকে আজ সন্ধ্যায় লেস্টার ও টটেনহামের ম্যাচ স্থগিতের খবর এসেছে। চেলসির মূল একাদশের তিনজনের করোনায় আক্রান্ত হওয়ার খবরও এসেছে। স্পেনেও যে করোনা ধীরে ধীরে আবার ভয়ংকর হয়ে উঠছে, সেটা রিয়াল মাদ্রিদই প্রথম টের পেল। এখন পর্যন্ত পরিচিতি সংবাদমাধ্যমগুলো শুধু মদরিচ ও মার্সেলোর করোনায় আক্রান্তের খবর জানালেও মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যম ভোজপোপুলি জানিয়েছে, ক্লাবের এক সূত্রই ক্লাবে করোনা ছড়িয়ে পড়ার খবর জানিয়েছে।
রিয়াল মাদ্রিদের ভালদেবেবাসে ফুটবল ও বাস্কেটবল দল একই সঙ্গে অনুশীলন করে। বাস্কেটবল দলের কোচ পাবলো লাসো ও তারকা টমাস হুয়েরতেলের করোনায় আক্রান্ত হওয়ার খবরের পরই মদরিচদের আক্রান্ত হওয়ার খবর তাই ক্লাবে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, নতুন করে আরও পাঁচজন করোনা পজিটিভ হওয়ায় আবার সবার করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। আর এ কারণেই কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হচ্ছে না।
তবে অন্য এক ঘোষণায় এ ব্যাপারে কিছু ইঙ্গিত মিলেছে। আগামী রোববার লিগে কাদিজের বিপক্ষে ম্যাচ আছে রিয়ালের। আজ স্থানীয় সময় সকাল ১১টায় অনুশীলন করার কথা ছিল দলের। কিন্তু সেটা পিছিয়ে বিকেল সাড়ে চারটায় নেওয়া হয়েছে। মাদ্রিদভিত্তিক বিভিন্ন সূত্রের দাবি, খেলোয়াড় ও কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করা হবে বলেই পেছানো হয়েছে অনুশীলন।
এদিকে এখন পর্যন্ত ক্লাবের সাত খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ায় চিন্তিত রিয়াল। কারণ, নিয়মানুযায়ী অন্তত ১৩ জন খেলোয়াড় সুস্থ থাকলেই ম্যাচ খেলতে বাধ্য রিয়াল। সে ক্ষেত্রে দুর্বল স্কোয়াড নিয়েও হয়তো রোববারের লিগ ম্যাচ খেলতে হতে পারে রিয়ালকে।