করোনা নেগেটিভ হয়ে অনুশীলনে মোহামেডানের ফুটবলাররা

মোহামেডানের সাতজন করোনা নেগেটিভছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহামেডান স্পোর্টিং লিমিটেড ক্লাবে কিছুটা স্বস্তি ফিরেছে। করোনার ধাক্কা সামলে উঠতে শুরু করেছে সাদা–কালোরা। গত সোমবার জানা গিয়েছিল কোচ, খেলোয়াড় ও কর্মীসহ ক্লাবের মোট ১৭ জন করোনায় আক্রান্ত। এর মধ্যে খেলোয়াড় ১১ না ১২ জন, তা নিয়ে আছে ধোঁয়াশা।

,মোহামেডান ক্লাবে করোনার থাবা
ফাইল ছবি

ক্লাব কর্মকর্তারা ১২ জনের কথা বললেও ক্লাবের অন্য একটি সূত্র বলছে সংখ্যাটা ১১। গতকাল পজিটিভ হয়েছেন ক্লাবের ম্যানেজার ও সাবেক ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকীবও। তবে গতকালই অস্ট্রেলিয়ান কোচ শন লেনসহ সাতজন খেলোয়াড় নেগেটিভ হয়েছেন। এখনো পজিটিভ রবিউল ইসলাম, সোহানুর রহমান, শাহেদ হোসেন ও শাকিল।

করোনামুক্ত হওয়া মাত্রই আজ সকালে দলবল নিয়ে অনুশীলনে নেমে পড়েছেন কোচ শন লেন। শুধু তা–ই নয়, আজ অনুশীলনে যোগ দিয়েছেন নেগেটিভ হওয়া ফুটবলাররাও। এ প্রসঙ্গে ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বলেন, ‘কোচসহ সাত খেলোয়াড় করোনা নেগেটিভ হয়েছে। যারা পজিটিভ হয়েছে, তাদের মধ্যেও কোনো করোনা লক্ষণ নেই।’

শুক্রবার থেকে আবার শুরু হওয়ার কথা প্রিমিয়ার ফুটবল লিগ। সেদিনই সূচিতে রয়েছে আবাহনী-মোহামেডান ম্যাচ। কিন্তু দলের অনেক খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ায় বাফুফের কাছে অন্তত দুই সপ্তাহ খেলা পেছানোর আবেদন করেছে মোহামেডান। কিন্তু গতকাল সভায় বসলেও এ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফের পেশাদার লিগ কমিটি। তবে এএফসির নিয়ম হলো, ৩৫ জন নিবন্ধিত ফুটবলারের মধ্যে ১ জন গোলকিপারসহ ১৩ জন সুস্থ থাকলেই মাঠে নামতে ক্লাব বাধ্য। তাই বাফুফের কর্মকর্তারা মোহামেডানের দাবি খুব একটা আমলে নিচ্ছেন না।

আজ বিকেলে বাফুফের পেশাদার লিগ কমিটি আবার সভায় বসে লিগ শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেবে। জানা গেছে, খেলা পেছানোর সম্ভাবনা কম। পেছালেও দু–এক দিনের বেশি নয়।