করোনা মাঠেই নামতে দিল না গার্দিওলার সিটিকে
ব্রাজিলের তারকা স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও ইংলিশ রাইটব্যাক কাইল ওয়াকার যে করোনায় আক্রান্ত হয়েছেন, আগেই জানা গিয়েছিল। করোনা অনিশ্চয়তা নিয়েই দুদিন আগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলতে নেমেছিল ম্যানচেস্টার সিটি। জার্মান মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ান ও স্প্যানিশ উইঙ্গার ফেরান তোরেসের কল্যাণে ম্যাচটায় ২-০ গোলে সিটি জিতেছিলও। কিন্তু এবার করোনা সিটিকে মাঠেই নামতে দিল না।
শুধু ওয়াকার কিংবা জেসুসই নন, সিটি শিবিরে করোনা ছড়িয়েছে আরও। খেলোয়াড়-কর্মকর্তা, কোচিং দলের সদস্য মিলিয়ে আরও বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। এ কারণে গত রাতে এভারটনের বিপক্ষে লিগ ম্যাচ খেলতে নামেনি ম্যানচেস্টার সিটি। সিটি শিবিরে করোনার উপদ্রব দেখে একদম শেষ মুহূর্তে জরুরি সভায় বসেছিল ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। সেখানেই সিদ্ধান্ত হয়, এভারটন-সিটি ম্যাচটা আপাতত স্থগিত করা হবে। সবার চেয়ে স্বাস্থ্য সুরক্ষা বেশি গুরুত্বপূর্ণ যে!
এই নিয়ে করোনাভাইরাসের কারণে চলতি লিগ মৌসুমের দুটি ম্যাচ স্থগিত হলো। এর আগে নিউক্যাসল-অ্যাস্টন ভিলা ম্যাচটাও একই কারণে স্থগিত হয়েছিল। করোনার উপদ্রবে সেবার নিজেদের অনুশীলন মাঠটাই বন্ধ করে দিতে হয়েছিল নিউক্যাসলকে!
তবে ঠিক কতজন করোনায় আক্রান্ত হয়েছেন, সিটি বা প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ কেউই স্পষ্টভাবে জানায়নি। নিউক্যাসল ম্যাচের আগে জানা গিয়েছিল, ওয়াকার, জেসুসসহ কোচিং দলের আরও দুজন আক্রান্ত করোনায়। কিন্তু এবার নির্দিষ্ট কোনো সংখ্যা জানায়নি সিটি। আনুষ্ঠানিক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘সর্বশেষ কোভিড পরীক্ষায় আরও কয়েকজনের কোভিড পজিটিভ হওয়ার খবর এসেছে, বড়দিনের সময় পজিটিভ হওয়া ওই চারজন বাদ দিয়ে। ফলে, ভাইরাসটা স্কোয়াডের অন্যান্য সদস্যকেও আক্রান্ত করতে পারে, এমন ঝুঁকির সৃষ্টি হয়েছে। প্রিমিয়ার লিগের মেডিকেল দলের পরামর্শ অনুযায়ী ও দুই দলের মতামত নিয়ে তাই এভারটনের বিপক্ষে ম্যাচটা স্থগিত করার ঘোষণা করা হয়েছে।’
এর মধ্যেই অনির্দিষ্টকালের জন্য নিজেদের অনুশীলন মাঠ ও একাডেমি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সিটি। এই ম্যাচ স্থগিত হওয়ার ফলে সিটির পরবর্তী ম্যাচগুলোও হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ৩ জানুয়ারি চেলসির বিপক্ষে লিগ ম্যাচ খেলতে নামার কথা সিটির। সে ম্যাচটা হবে কি না, এখনো নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। তার তিন দিন পর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কারাবাও কাপের সেমিফাইনাল খেলতে নামার কথা সিটির। অনিশ্চয়তা দেখা গেছে ওই ম্যাচ নিয়েও।
এদিকে গত রাতের আরেক ম্যাচে চেলসি ১-১ গোলে ড্র করেছে অ্যাস্টন ভিলার সঙ্গে। ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিরুর গোলে চেলসি প্রথমে এগিয়ে গেলেও আনোয়ার এল গাজির গোলে সমতায় ফেরে অ্যাস্টন ভিলা। ১৬ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ অবস্থানে আছে লন্ডনের ক্লাবটি।