করোনা শনাক্ত, পাত্তা দিচ্ছে না ক্লাবটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে কোলনের ফুটবলাররা। ছবি: কোলন টুইটার অ্যাকাউন্ট
অনুশীলনে কোলনের ফুটবলাররা। ছবি: কোলন টুইটার অ্যাকাউন্ট

তিনজন ফুটবলার কোভিড-১৯ পজিটিভ! শুক্রবার খবরটি নিশ্চিত করে জার্মান ক্লাব কোলন। কোলনের বেলজিয়ান মিডফিল্ডার বিরজের ভেরস্ত্রাতে কিছুতেই বুঝতে পারছেন না, এমন ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেও কেন তাঁর দল অনুশীলন করে যাচ্ছে।

মে মাসের মাঝামাঝি পুনরায় শুরু হতে পারে বুন্দেসলিগা। এমন সম্ভাবনা তৈরি হওয়ার পর অনুশীলনে ফিরেছে কিছু ক্লাব। এর মধ্যেই নিয়ম অনুযায়ী কোলনের খেলোয়াড় ও কোচিং স্টাফসহ সবার করোনা পরীক্ষা করা হয়েছিল। সেখানে তিনজনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়া শনাক্ত করা হয়।

বুন্দেসলিগার দলটি জানায়, আক্রান্ত তিনজনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তবে তিনজনের নাম প্রকাশ করেনি ক্লাবটি। বাকিদের নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছে কোলন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কোলনের দুই ফুটবলার ও একজন ফিজিওথেরাপিস্ট করোনায় আক্রান্ত।

ভেরস্ত্রাতে এ নিয়ে ভীষণ চিন্তিত। বেলজিয়ামের টিভি চ্যানেল ‘ভিটিএম’কে তিনি বলেন, ‘ক্লাব জানিয়েছে, খেলোয়াড়দের সংস্পর্শে কেউ আসেনি, কথাটা এমনিতে সত্য। তবে ফিজিওথেরাপিস্ট আমাকে এবং অন্য খেলোয়াড়দের চিকিৎসা করেছেন। যে দুই ফুটবলারকে নিয়ে প্রশ্ন উঠেছে, তাদের একজনের সঙ্গে বৃহস্পতিবার জিমে কাজ করেছি। তাই আক্রান্তদের সংস্পর্শে কেউ আসেনি, এ কথা পুরোপুরি ঠিক নয়।’

মহামারি হয়ে বিশ্বে ছড়িয়ে পড়া এ ভাইরাস দলের বাকিদের মধ্যে সংক্রমিত হওয়ার শঙ্কায় ভুগছেন ২৬ বছর বয়সী এ মিডফিল্ডার, ‘আশা করি, তিনজনের মধ্যেই তা সীমাবদ্ধ থাকবে। যদিও মনে হচ্ছে ভাইরাসটা ছড়িয়ে পড়েছে।’

এ কারণে ক্লাবের অনুশীলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ভেরস্ত্রাতে, ‘আমাদের কোয়ারেন্টিনে পাঠানো হয়নি, এটা ভীষণ অদ্ভুত। এই মুহূর্তে ফুটবল আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। কারণ, ভাইরাসটা কাছাকাছি চলে এসেছে। এর মধ্যেও সবকিছু স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়া বেশ অদ্ভুত বিষয়।’

৯ মে বুন্দেসলিগার বাকি মৌসুম শুরু করতে চায় জার্মান ফুটবল। সরকারি হস্তক্ষেপে তা ২৩ মে পর্যন্ত পিছিয়ে যেতে পারে। তবে এখন ফুটবলের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিন্তিত ভেরস্ত্রাতে, ‘ভাইরাস বুঝিয়ে দিচ্ছে যে হেলাফেলা করার সুযোগ নেই। বুন্দেসলিগা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার নয়। তবে এটুকু বলতে পারি, আপাতত ফুটবল নিয়ে ভাবছি না। পরিবার, বান্ধবী ও সবার স্বাস্থ্য আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’