করোনাই দেখাল, সিটি তারকার মন কত বড়

>করোনাভাইরাস প্রতিরোধে সেই প্রথম থেকে হয় অর্থ সাহায্য করে, না হয় সচেতনতা সৃষ্টি করে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির ফরাসি সেন্টারব্যাক আয়মেরিক লাপোর্তে
সবাই এগিয়ে আসছেন। সবাই বুঝছেন, করোনার বিরুদ্ধে এ লড়াইটা কারওর একার না, সবার। ফুটবলাররাও তাই বসে নেই। যে যেভাবে পারছেন, করোনা তহবিলে সাহায্য দিয়ে যাচ্ছেন। তবে এ সাহায্য দিতে গিয়ে ম্যানচেস্টার সিটির ফরাসি সেন্টারব্যাক আয়মেরিক লাপোর্তে যা করলেন, ফুটবলপ্রেমীদের মনে থাকবে আরও অনেক অনেক বছর।
অনেকেই বলেন, মহাবিপদের সময় মানুষের আসল রূপ বোঝা যায়। আসলেই একজন মানুষ ভালো নাকি খারাপ, সেটা বের হয়ে আসে। যেমনটা বেরিয়ে এল আয়মেরিক লাপোর্তের ক্ষেত্রেও। এবং লাপোর্তের কাহিনির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন ২০০৮ অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ফরাসি বক্সার আলেক্সিস ভাস্তিনের পরিবার।
ভাস্তিন নিজেও ফরাসি ক্রীড়াঙ্গনের বেশ পরিচিত মুখ ছিলেন। ‘ছিলেন’ বলতে হচ্ছে, কারণ, ২০১৫ সালে এক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান এই প্রতিভাবান বক্সার। ২০০৮ অলিম্পিকে লাইট ওয়েল্টারওয়েট বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন এই তারকা। খেলেছিলেন ২০১২ অলিম্পিকেও। কিন্তু ২০১৫ সালে এক রিয়েলিটি শো এর শুটিং করতে গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় পরপারে চলে যান।
ভাস্তিন এখন নেই, তাঁর খেলার পোশাক ও সরঞ্জামও তাই পড়ে থাকে বাসার এক কোণে। তাই সেসব সরঞ্জামগুলো একটা দরকারি কারণে নিলামে তুলতে চেয়েছিল ভাস্তিনের পরিবার।
কী সেই কারণ? করোনাভাইরাস!
করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোর তালিকায় সবার ওপরের দিকেই থাকবে ফ্রান্সের নাম। করোনা আক্রান্তদের সেবা শুশ্রূষা করার জন্য দিনরাত খেটে যাচ্ছেন দেশটির চিকিৎসাকর্মীরা। তাই তাঁদের আর্থিকভাবে সাহায্য করার জন্য ভাস্তিনের বক্সিং সরঞ্জাম নিলামে তুলেছিল তাঁর পরিবার। ফরাসি হ্যান্ডবল গোলরক্ষক সিরিল দুমোলুঁ কর্তৃক আয়োজিত এই দাতব্য নিলামে সেদিন ছিলেন ম্যানচেস্টার সিটির ফরাসি ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তেও।
ভাস্তিনের বক্সিং সরঞ্জাম কেনার জন্য সবচেয়ে বড় দরটা হেঁকেছিলেন লাপোর্তেই। প্রায় চার লাখ ষাট হাজার টাকায় বিনিময়ে ভাস্তিনের জিনিসপত্র নিজের করে নেন লাপোর্তে।
তবে আসল চমকটা জমিয়ে রেখেছিলেন নিলামের শেষে। কেনার পর ঘুরেফিরে সেই সরঞ্জামগুলো আবার ভাস্তিনের পরিবারের হাতেই উপহার হিসেবে তুলে দিয়েছেন তিনি!
বড় মনের মানুষ বুঝি একেই বলে!