করোনার এ সময়ে ওয়েম্বলির ফাইনালে ৯০ হাজার দর্শক?

কাল মাঠের বাইরেও এমন দর্শক ছিল!ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ৫৫ বছর পর কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে খেলবে ইংল্যান্ড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে উপলক্ষটা স্মরণীয় করে রাখতে চায় তারা। সে কারণেই করোনার এ সময়ে ধারণক্ষমতা অনুযায়ী দর্শক অনুমতি দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, এ নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ‘না’ বলেননি। তবে এতে পুরোপুরি সায়ও দেননি। তবে পরিস্থিতি বিবেচনা করেই এ ব্যাপারে পদক্ষেপ নিতে চায় ব্রিটিশ সরকার।

স্টেডিয়ামের বাইরে সমর্থকেরা হাজির হয়েছিলেন সবাই।
ছবি: রয়টার্স

করোনার এ সময়ে ইউরোর ম্যাচগুলোতে দর্শকের সমারোহ। এমনিতেই ইউরোপে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের পথে। বেশির ভাগ ইউরোপীয় দেশেই জনগোষ্ঠীর বড় অংশকে টিকা দেওয়া হয়ে যাওয়ায় সেখানে স্টেডিয়ামে দর্শক সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। ওয়েম্বলিতে প্রতিটি ম্যাচেই ধারণক্ষমতা অনুযায়ী না হলেও প্রচুর দর্শক ছিল। ৯০ হাজার আসনের এ বিখ্যাত ফুটবল স্টেডিয়ামে গতকাল ডেনমার্কের বিপক্ষে ইংল্যান্ডের সেমিফাইনালে ৬০ হাজার দর্শক খেলা উপভোগ করেছেন।

কাল মাঠে পুরোপুরি দর্শক বনে গিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
ছবি: রয়টার্স

এমনিতেই ব্রিটিশ প্রধানমন্ত্রী সম্প্রতি করোনার কারণে আরোপিত স্বাস্থ্যবিধিগুলো শিথিল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ১৯ জুলাই ‘ফ্রিডম ডে’র দিন থেকে ব্রিটেনের অধিবাসীদের মাস্ক পরতে হবে না বলেই ঘোষণা দিয়েছেন তিনি। এদিন থেকে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশটিও তুলে নেওয়া হবে। আরও এক সপ্তাহ আগেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায় কি না, চিন্তাভাবনা এমনই। ১১ জুলাই ইতালির বিপক্ষে ওয়েম্বলিতে ইউরোর ফাইনাল খেলতে নামবে ইংল্যান্ডর

এমন উদ্‌যাপন চিন্তায় ফেলে দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে।
ছবি: রয়টার্স

ইউরোপসহ ব্রিটেনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ইউরোতে স্টেডিয়ামগুলোতে দর্শক সমাগমের কারণে তা আবার বেড়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কেবল ইউরোর কারণেই দেশগুলোতে করোনার আরও একটি ঢেউ আসতে পারে বলে শঙ্কা রয়েছে।

এরই মধ্যে উইম্বলডনের সেন্টার কোর্টে ধারণক্ষমতা অনুযায়ী দর্শক সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। সেখানে অবশ্য ১৫ হাজার দর্শক একসঙ্গে খেলা দেখতে পারেন। পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজেও ধারণক্ষমতা অনুযায়ী দর্শক খেলা দেখতে পারবেন। তবে ওয়েম্বলিতে যেহেতু দর্শক ধারণক্ষমতা অনেক বেশি, তাই সেখানে একই অনুমতি দেওয়া হবে কি না, সেটি নিয়ে বেশ খানিকটা সন্দেহ থেকে যাচ্ছে।