করোনার কারণে বড় ক্ষতির মুখে কেন-সনদের কোচ?

গত বছরের শেষ দিকে টটেনহাম থেকে ছাঁটাই হয়েছিলেন আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো। ছাঁটাই হলেও লন্ডনি ক্লাবটির মালিকপক্ষের কাছ থেকে এখনও কড়ায়-গণ্ডায় বেতন আদায় করছেন তিনি।
এক দিক দিয়ে মরিসিও পচেত্তিনো অবশ্য ঠিকই আছেন।
তিনি তো আর নিজ ইচ্ছায় টটেনহামের চাকরি ছাড়েননি। ক্লাবের সঙ্গে তাঁর একট আত্মার সম্পর্ক গড়ে উঠেছিল। গত কয়েক বছরে ক্লাবটা থেকে যত তারকা বের হয়ে এসেছেন, সবাই গুরু হিসেবে পেয়েছিলেন পচেত্তিনোকেই। চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও তুলেছিলেন দলকে। অথচ ফাইনালে তোলার ঠিক পরের মৌসুমেই খেই হারিয়ে ফেলে টটেনহাম। দীর্ঘদিনের কোচকে ছাঁটাই করতেও বেশি ভাবেননি টটেনহামের সভাপতি ড্যানিয়েল লেভি।
ইচ্ছার বিরুদ্ধে যেহেতু চলে যেতেই হচ্ছে, তাই লেভিকে বাড়তি সমাদর করেননি পচেত্তিনোও। সাফ জানিয়ে দিয়েছিলেন, চুক্তির বাকি মেয়াদের পুরো বেতন দিতে হবে তাঁকে। যা প্রায় সাড়ে আট মিলিয়ন পাউন্ড বা প্রায় নব্বই কোটি টাকার সমান। টটেনহামও উপায়ন্তর না দেখে সেই বেতন দিতে রাজি হয়েছিল।
কিন্তু কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি আমুল বদলে গেছে। করোনাভাইরাসের কারণে প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীম হচ্ছে ক্লাবগুলো। ব্যতিক্রম নয় টটেনহামও। করোনাভাইরাসের কারণে এবার পচেত্তিনোকে কম ক্ষতিপূরণ দিতে চাইছেন ড্যানিয়েল লেভি। এ কারণে আর্জেন্টাইন এই কোচের সঙ্গে যোগাযোগও করতে চলেছেন টটেনহামের সভাপতি। শুধু পচেত্তিনোই নয়, পচেত্তিনোর যে সহকারীদেরও বেতন দিয়ে ‘পুষছে’ টটেনহাম, তাঁদের ক্ষতিপূরণও কম দেওয়তার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। এখন পচেত্তিনো ও তাঁর দলবল বৃহত্তর স্বার্থে লেভির প্রস্তাব মানলেই হয়।
টটেনহামের চাকরি ছাড়ার পর ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ডের মতো বেশ কিছু ক্লাব পচেত্তিনোকে কোচ হিসেবে চাইলেও এখনও বেকারই আছেন পচেত্তিনো। কোথাও যোগ দেননি। অবশ্য সাবেক ক্লাবের কাছ থেকে এত বড় অঙ্কের ক্ষতিপূরণ পেতে থাকলে কে-ই বা নতুন চাকরিতে যোগ দেওয়ার জন্য অস্থির হবেন?
পচেত্তিনোর জায়গায় টটেনহামে আনা হয়েছে হোসে মরিনহোকে। মরিনহোর পেছনেও বিপুল অঙ্কের টাকা ঢালছে লন্ডনের ক্লাবটি।