করোনার ভ্যাকসিন পেতে আরও ১৮ মাসের অপেক্ষা

ফুটবল মাঠে ফেরানোর জন্য যেন পণ করেছেন ইউরোপের ফুটবল কর্তাব্যক্তিরা। একদিকে সবাই জীবন আগে বলে বুলি ফোটাচ্ছেন মুখে, অন্যদিকে শূন্য গ্যালারিতে হলেও খেলা শুরু করার চিন্তা করতে বলছেন বিভিন্ন লিগকে। ওদিকে ক্লাবগুলো চাইছে খেলা হলে দর্শকের সামনেই হোক। কিন্তু সেটা করতে চাইলে ক্লাবগুলোর মাঠে ফেরার চিন্তা অন্তত এক বছরের জন্য বাদ দিতে হবে। কারণ, করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হতে অন্তত আরও ১৮ মাস সময় লাগবে বলে ধারণা বিশেষজ্ঞদের।
এক বেলারুশ ছাড়া ইউরোপের অন্য কোথাও ফুটবল লিগ চলছে না, বিশ্বেই চলছে হাতে গোনা দু-তিনটি দেশে। অধিকাংশ দেশই গ্যালারিশূন্য করে কিছুদিন চালিয়ে যাওয়ার চেষ্টা করেও ক্ষান্ত দিয়েছে। কিন্তু টিভিস্বত্বের টাকা হারিয়ে মহাবিপর্যয়ের মুখে পড়েছে ইউরোপের ফুটবল। নেদারল্যান্ডস, ইতালি, স্পেন ও ফ্রান্সের মতো বেশ কিছু দেশের লিগ জুনে চালু করার চিন্তাভাবনা চলছে। শূন্য গ্যালারিতে হলেও মাঠের খেলা শুরু করতে চায় লিগগুলো।
ওদিকে শুধু খেলোয়াড়, কোচ, স্টাফ, প্রয়োজনীয় কর্মী ও সম্প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানকে নিয়েও ম্যাচ আয়োজনের ঝুঁকিটা দেখিয়ে দিয়েছেন এমোরি ইউনিভার্সিটির রোগতত্ত্ববিদ জ্যাক বিনি। টাইমস–এর কাছে বলেছেন, ‘মানুষকে বুঝতে হবে, মহামারির ক্ষেত্রে আপনি যখনই কোথাও বাড়তি একজন যোগ করবেন, ঝুঁকি বাড়িয়ে দেবেন। পাঁচজন মানুষ দুজনের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। দশজন পাঁচজনের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ৫০০ মানুষ অবশ্যই দশের চেয়ে ভয়ংকর। আর যখন আপনি ৬০ হাজার মানুষের একত্র হওয়ার কথা চিন্তা করবেন, সেটা অনেক অনেক বেশি ঝুঁকিপূর্ণ।’
জ্যাক বিনি সোজাসাপ্টা বলে দিয়েছেন, যত দিন কোভিড-১৯–এর কোনো ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে না, তত দিন মাঠে দর্শকদের নিয়ে খেলা শুরু করা সম্ভব নয়, ‘আপনার এলাকাভিত্তিক সংক্রমণের হার যদি কমও হয়, তবু ৬০ হাজার মানুষের মধ্যে মাত্র কয়েকজন থাকলেই ভয়ংকর কিছু ঘটার আশঙ্কা সৃষ্টি হবে। একজন বিজ্ঞানী হিসেবে “শতভাগ নিশ্চিত হয়ে বলছি” বলাটা আমি পছন্দ করি না। তবু এই “শতভাগ নিশ্চিত”–এর যতটা কাছাকাছি থাকা সম্ভব, ততটা থেকে বলছি, ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত আমরা গ্যালারিভর্তি স্টেডিয়ামের দিনে ফিরতে পারব না, এটাই চূড়ান্ত সত্য। এখন পর্যন্ত যা ধারণা, তাতে সেটা হতে আরও ১৮ মাস লাগবে। একটু বেশি বা কম হয়তো লাগতে পারে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক জেকে ইমানুয়েলও নিউইয়র্ক টাইমসকে বলেছেন, জনসমাগম আবারও নিরাপদ হতে হতে ২০২১ সালের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে, ‘কনফারেন্স, কনসার্ট বা খেলার বিভিন্ন প্রতিযোগিতার সূচি বদলে অক্টোবরে নেওয়া হচ্ছে। আমার কোনো ধারণা নেই, কেন তাদের মনে হচ্ছে, তখন এসব আয়োজন করা সম্ভব। আমার ধারণা, এমন জনসমাগমই সবচেয়ে দেরিতে আয়োজন করা সম্ভব। বাস্তবতা হলো, ২০২১ সালের শরতের (সেপ্টেম্বর) আগে কোনোভাবেই সম্ভব না।’
তবে ইউরোপের ফুটবল লিগগুলোকে আশার আলো দেখাচ্ছেন কার্লোস আলবের্তো দিয়াজ। স্পেনের এই জনস্বাস্থ্য ও প্রতিষেধক বিশেষজ্ঞের ধারণা, যদি একটা এলাকার অধিকাংশ মানুষের মধ্যে করোনা প্রতিরোধক্ষমতা গড়ে ওঠে, তবে হয়তো মাঠে ফুটবল ফেরানো সম্ভব হতে পারে, ‘নিরাপত্তার কথা চিন্তা করলে ভ্যাকসিন আবিষ্কারের আগে দর্শক নিয়ে খেলা দেখার চেষ্টাটা করা ঠিক হবে না। তবে যদি সবার মধ্যে প্রতিরোধক্ষমতা গড়ে ওঠে এবং সেটা যদি উচ্চ পর্যায়ের হয়, তবে বড় প্রতিযোগিতার জন্য স্টেডিয়াম খুলে দিলেও খুব একটা সমস্যা হবে না। এখন যা হচ্ছে এবং গৃহবন্দী রাখার সিদ্ধান্তে সংক্রমণ কমে গেছে। কিন্তু আমাদের প্রতিরোধক্ষমতা গড়ে উঠেছে কি না, সেটা জানতে অন্তত কয়েক মাস লাগবে। পরীক্ষা করে আমরা সেটা জানতে পারব। যদি একটি স্থানের জনসংখ্যার ৭০ থেকে ৮০ ভাগ লোক রোগ প্রতিরোধক্ষমতা গড়ে তোলেন, তাহলে গ্যালারি খুলে দেওয়া ঝুঁকিপূর্ণ নয়। কিন্তু মাদ্রিদে আমার মনে হয় না ৩০ থেকে ৪০ ভাগের বেশি লোকের সেটা আছে।’