করোনার 'সংক্রমণ' হতে পারে বাংলাদেশের ম্যাচেও

>করোনাভাইরাস আতঙ্কের মধ্যে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ম্যাচ আয়োজন করা সম্ভব কি না , তা খতিয়ে দেখছে ফিফা ও এএফসি।
বিশ্ব ফুটবলে করোনাভাইরাসের প্রভাব পড়েছে আগেই। ইতালির সর্বোচ্চ লিগ সিরি আ’র বেশ কিছু ম্যাচ স্থগিত হয়েছে। সতর্কতার জন্য কিছু ম্যাচ আয়োজিত হচ্ছে দর্শকবিহীন স্টেডিয়ামে। এ নিয়ে কয়েক দিন আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, ‘যেকোনো ফুটবল ম্যাচের তুলনায় মানুষের স্বাস্থ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ কারণেই আমরা পুরো ব্যাপারটা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছি।’
এই অবস্থায় বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ম্যাচ আয়োজন করা সম্ভব কি না, তা খতিয়ে দেখছে ফিফা ও এএফসি। অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে আলোচনা করে পরবতী ম্যাচগুলো দিনক্ষণ চূড়ান্ত করতে চায় বলে এক বিবৃতিতে জানিয়েছে তারা। ফলে সিলেটে আগামী ২৬ মার্চ ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হবে কি না, এ নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে।
এএফসির বিবৃতি দেখে বিষয়টি নিয়ে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম। তিনি আজ প্রথম আলোকে বলেন, ‘করোনাভাইরাস নিয়ে বিবৃতি দেখে এএফসির সঙ্গে যোগাযোগ করেছি। তারা আগামী সপ্তাহে আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কিছু বিষয় জানতে চেয়ে চিঠি দেবে। তবে এখন পর্যন্ত আফগানিস্তান ম্যাচের জন্যই তৈরি হচ্ছি আমরা। ম্যাচটির জন্য সবকিছুই প্রস্তুত।’
বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে ৮ ম্যাচের ৪টিই গত বছর খেলে ফেলেছে বাংলাদেশ। আফগানিস্তান, ভারত ও ওমানের সঙ্গে তিনটি অ্যাওয়ে আর এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের সঙ্গে ঢাকায় হোম ম্যাচ। বাকি চার ম্যাচের তিনটি এ বছর দেশের মাটিতে খেলবে জেমি ডে-র দল। ২৬ মার্চ আফগানিস্তান ম্যাচের পর ৩১ মার্চ কাতারের বিপক্ষে দোহায় খেলার কথা বাংলাদেশের।