করোনায় রহমতগঞ্জ ক্লাবের সহসভাপতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার ক্রীড়াঙ্গনে মৃত্যু হলো একজনের। পুরোনো ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সহসভাপতি হাজি আবুল কাশেম বুধবার রাত ৩টায় চলে গেছেন না ফেরার দেশে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রায় ৬০ বছর বয়সী হাজি কাশেম দীর্ঘদিন থেকে ক্লাবটির সঙ্গে যুক্ত ছিলেন।

রহমতগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হামিদ আজ প্রথম আলোকে বলেন, ‌‘গত মঙ্গলবার সকালে ঠান্ডা-কাশি আর শরীরে জ্বর নিয়ে ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি হন হাজী কাশেম। পরীক্ষায় তাঁর করোনা পজেটিভ হয়। এরপর ওই দিনই রাত ১২টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে ঘণ্টা তিনেক পর মারা যান। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। হাসপাতালের ব্যবস্থাপনাতেই দাফন হয়।’

পুরোনো ঢাকার বাসিন্দা হাজি কাশেম বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে রহমতগঞ্জ খেলা দেখতে মাঠে আসতেন নিয়মিত। ক্লাবটির হয়ে তৃতীয় বিভাগ ফুটবল খেলেন এক সময়। খেলেছেন দ্বিতীয় বিভাগ ফুটবলও। রহমতগঞ্জ ক্লাবের সহসভাপতি ছিলেন গত ২০ বছর। একজন সক্রিয় ক্রীড়া সংগঠক হিসেবে পুরোনো ঢাকার খেলাধুলা উন্নয়নে অবদান রাখেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রহমতগঞ্জ ক্লাব।