কর্নেয়াকে উড়িয়ে দিল রোনালদোবিহীন রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারানের জোড়া গোলে রিয়ালের বড় জয়। ছবি: রয়টার্স
ভারানের জোড়া গোলে রিয়ালের বড় জয়। ছবি: রয়টার্স

বার্নাব্যুতে কদিন আগেই এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জয়ের সুখস্মৃতি সজীব থাকতেই আবারও বার্সেলোনাভিত্তিক আরেকটি দল কর্নেয়ার মুখোমুখি রিয়াল। অবশ্য দলটি মোটেও বার্সার সমতুল্য নয়। তবে প্রতিপক্ষের শক্তিমত্তা যা-ই হোক না কেন, বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই। তাই কোপা ডেল’রের দ্বিতীয় কর্নেয়াকে প্রথম লেগে ৪-১ গোলে উড়িয়ে দিল রিয়াল।
এ ম্যাচে রিয়ালের প্রতিপক্ষের নামটা একটু অপরিচিতই লাগবে। দলটি স্প্যানিশ ফুটবলের তৃতীয় বিভাগের দল। গতকালের ম্যাচে কর্নেয়া ছিল স্বাগতিক দল। অথচ তারা খেলতে পারেনি নিজেদের মাঠে। কেন? রিয়ালের মতো এত বড় অতিথিকে আতিথেয়তা দেওয়ার সাধ্য যে নেই কর্নেয়ার! ক্লাব স্টেডিয়ামের ধারণক্ষমতা সাকল্যে দেড় হাজার! অগত্যা প্রতিবেশী এসপানিওলের মাঠে খেলতে হয়েছে কর্নেয়াকে। দলের খেলোয়াড়দের অনেকেই পেশাদার নন। খেলোয়াড়দের কেউ দন্ত চিকিৎসক, কেউ বা স্কুলশিক্ষক। এমন দলের খেলোয়াড়েরা কিনা ম্যাচের আগেই বলে বসলেন, যদি রিয়ালকে কোপা ডেল’রে থেকে বিদায় করে দিতে পারেন, তবে তাঁদের প্রত্যেককে দেড় হাজার ইউরো বোনাস দিতে হবে; যা রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর এক ঘণ্টার পারিশ্রমিকের চেয়েও কম!
এ ম্যাচে রোনালদোকে মাঠে নামালেন না আনচেলত্তি। ছিলেন না গোলরক্ষক ইকার ক্যাসিয়াস ও চোটাক্রান্ত গ্যারেথ বেল। ১০ মিনিটেই দলকে এগিয়ে নেন রাফায়েল ভারান। ঠিক ১০ মিনিট পরই গোল শোধ করে দেন কর্নেয়ার অস্কার মুনোজ। বিরতির আগে ইসকোর কর্নারে আবারও দলকে এগিয়ে নেন ভারান। বিরতির আট মিনিট পর স্কোরলাইন ৩-১ করেন হাভিয়ের হার্নান্দেজ। ৭৫ মিনিটে রিবাউন্ড শটে ৪-১ করে ফেলেন মার্সেলো। গোলের পর রিয়াল ডিফেন্ডারের উদযাপনটা ছিল দেখার মতোই।
প্রতিপক্ষ যেই হোক, ম্যাচটাকে যে মোটেও হালকাভাবে নেননি, সেটিই বললেন হার্নান্দেজ, ‘প্রথম লেগে এমন ভালো একটা জয় পাওয়া গুরুত্বপূর্ণ। সব প্রতিপক্ষের সঙ্গেই পেশাদার হতে বলেছেন কোচ। ক্লাসিকোতে বার্সার বিপক্ষে যেভাবে খেলেছি, এ ম্যাচেও সেভাবে খেললাম।’ কর্নেয়ার একমাত্র গোলদাতা মুনোজ বললেন, ‘প্রথমবারের মতো এত দর্শকের সামনে খেললাম। একটি গোল দিয়ে ভালো লাগছে। তবে শেষ অবধি তাদের মান বোঝা গেল এবং আমরা চারটা গোল খেলাম।’ এএফপি, রয়টার্স।