কলকাঠি নেড়েছেন যিনি

>রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শোনা যাচ্ছিল, রোনালদোকে দলে নিতে আগ্রহী ছিল তাঁর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজি। তবু রোনালদো কেন জুভেন্টাসকেই বেছে নিলেন?
হোয়াও ক্যানসেলোকে একটা ধন্যবাদ দিতেই পারে জুভেন্টাস। ক্যানসেলোর কল্যাণেই যে রোনালদোকে দলে ভেড়াতে পেরেছে তুরিনের বুড়িরা!
ফুটবলের মনোযোগী দর্শকদের কাছে ক্যানসেলো নামটা অচেনা নয়। পর্তুগিজ রাইটব্যাককে ভ্যালেন্সিয়া থেকে কদিন আগেই ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে এনেছে জুভেন্টাস। এবার ক্যানসেলোর পথ ধরেই তাঁর পর্তুগিজ মহাতারকা সতীর্থকেও রিয়াল মাদ্রিদ থেকে উড়িয়ে এনেছে জুভেন্টাস।
তবে ভাববেন না ক্যানসেলোর কারণে রোনালদো জুভেন্টাসে এসেছেন—কথাটি বানোয়াট। স্বয়ং জুভেন্টাসের প্রধান নির্বাহী কর্মকর্তা জিউসেপ্পে মারোত্তা নিজেই কথাটি বলেছেন, ‘ক্রিস্টিয়ানোকে দলে পাওয়ার জন্য আমরা সবাই একটা দল হয়ে কাজ করেছি। এই অর্জনটা সবার সমান পরিশ্রমের ফল। আমাদের সঙ্গে ক্যানসেলোর চুক্তিটাও এ ক্ষেত্রে বড় একটা প্রভাবকের কাজ করেছে। কারণ, ক্যানসেলো আর রোনালদোর এজেন্ট একজনই—হোর্হে মেন্ডেস।’
অনেক দিন ধরেই রোনালদোর এজেন্ট হিসেবে কাজ করে যাচ্ছেন পর্তুগিজ সুপার এজেন্ট হোর্হে মেন্ডেস। রোনালদো ছাড়াও আরও অনেক তারকা ফুটবলার ও কোচের এজেন্ট হিসেবে কাজ করেছেন মেন্ডেস। যাঁদের মধ্যে রয়েছেন পেপে, ইকার ক্যাসিয়াস, ডেভিড ডি গেয়া, হোসে মরিনহো।
রোনালদো নিজেও মেন্ডেসকে পরিবারের অংশ বলে উল্লেখ করেছিলেন।
হোর্হে মেন্ডেসই যে রোনালদোর জুভেন্টাসে আসার পেছনে কলকাঠি নেড়েছেন, সেটি খুব চালাক না হলেও বুঝে যাওয়ার কথা। মোরোত্তা রোনালদোকে দলে নিতে পেরে দারুণ খুশি বলে জানান, ‘রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড়। তাকে দলে আনতে পেরে আমরা সবাই খুশি। আমরা গর্বিত রোনালদো জুভেন্টাসকে বেছে নেওয়ায়। তার ইচ্ছাতেই এই চুক্তিটা করা সম্ভব হয়েছে।’
রিয়াল মাদ্রিদে ৯ বছরের ক্যারিয়ারে সম্ভাব্য সব শিরোপা জেতার পরই জুভেন্টাসে যোগ দিলেন রোনালদো। ক্লাবের হয়ে খেলার সময় কোথায় থাকবেন, সেটিও নাকি ঠিক করে ফেলেছেন বলে জানান মারোত্তা, ‘রোনালদো খুবই আনন্দিত ইতালির সেরা ক্লাবে যোগ দিতে পেরে। ইতিমধ্যে সে কোথায় থাকবে, সেটিও ঠিক করে ফেলেছে। তুরিনের ঠিক মাঝখানে খুব সুন্দর একটা পেন্টহাউস তার পছন্দ হয়েছে।’
সবকিছুই তো হলো, এবার জুভেন্টাস–সমর্থকদের অপেক্ষার প্রহর গোনা শুরু—কবে তাঁদের বিখ্যাত সাদা-কালো জার্সি গায়ে মাঠ কাঁপাতে নামবেন ক্রিস্টিয়ানো রোনালদো।