কলকাতা যাওয়ার অপেক্ষায় মামুনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমসে খেলে ফেরার পর পরই যাওয়ার কথা ছিল কলকাতায়। কিন্তু ভারতের ভিসা পেতে সমস্যা হওয়ায় ইন্ডিয়ান সুপার লিগের দল অ্যাটলেটিকো ডি কলকাতার অনুশীলনে যোগ দিতে পারছিলেন না মামুনুল ইসলাম। অবশেষে কাল ভিসা জটিলতা মিটে গেছে। কলকাতা যাওয়ার অপেক্ষায় এখন জাতীয় দলের অধিনায়ক।
কাল ভিসা পেয়ে মামুনুল বললেন, ‘ভিসা পেতে একটু দেরি হচ্ছিল। এ জন্য কলকাতায় অনুশীলনে যোগ দিতে পারিনি। তবে আশা করছি, দুই-এক দিনের মধ্যেই কলকাতা যেতে পারব।’
মাদ্রিদ থেকে অনুশীলন ক্যাম্প শেষ করে অ্যাটলেটিকো কলকাতায় ফিরেছে গত শনিবার। পরদিন কোচ লুইস গার্সিয়াসহ অন্যদের নিয়ে দলের অন্যতম মালিক সৌরভ গাঙ্গুলী স্থানীয় হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করেন। ১২ অক্টোবর লিগের উদ্বোধন। অ্যাটলেটিকোর অনুশীলন শুরু হয়েছে গত পরশু থেকে কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে।
প্রথম দিন থেকেই অনুশীলনে থাকার সুযোগ হয়নি বলে একটু মন খারাপ মামুনুলের, ‘ঢাকা বসেই সব খবর পাচ্ছি। যোগাযোগও হচ্ছে ক্লাবের সঙ্গে। কিন্তু সময়মতো ভিসা না পাওয়ায় আটকে গেলাম।’