কলকাতার জয়ে শুরু আইএসএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালারিতে তারকার মেলা। শচীন টেন্ডুলকারের পাশে সৌরভ গাঙ্গুলী, অমিতাভ বচ্চনের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বচ্চন, রণবীর কাপুররাও আলো ছড়ালেন কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে। স্বাভাবিকভাবেই কাল ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) উদ্বোধনী দিনটা হয়ে থাকল তারার আলোয় ভরপুর।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আটটি দল নিয়ে প্রথমবার হচ্ছে এই আয়োজন। ভারতীয় ফুটবল জনপ্রিয় করতেই এতে সম্পৃক্ত করা হয়েছে এই তারাদের। সৌরভ ও রণবীর সিং তো উদ্বোধনী ম্যাচের দুই দলের অন্যতম মালিকও। শুধু মাঠের বাইরে ঝলক নয়, মাঠেও আছে চমক। দলগুলো উড়িয়ে এনেছে অবসরে যাওয়া বিশ্ব ফুটবলের কিছু চেনা মুখকে।
দেল পিয়েরোর মতো তারকা খেলছেন দিল্লি ডায়নামোস এফসিতে। রবার্ট পিরেস এফসি গোয়ায়, চেন্নাইয়ানস এফসিতে মার্কো মাতোরাজ্জি, ডেভিড ত্রেজেগে এফসি পুনে সিটিতে, মুম্বাই এফসির বড় নাম নিকোলাস আনেলকা। লিভারপুল ও বার্সেলোনার খেলার অভিজ্ঞতা আছে লুইস গার্সিয়ার, যিনি অ্যাটলেটিকো ডি কলকাতার অধিনায়ক।
এই দলের সদস্য বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মানুমুল ইসলামও। তবে কাল মুম্বাইয়ের সঙ্গে কলকাতার উদ্বোধনী ম্যাচে মামুনুলকে ১৮ জনের দলেও রাখেননি কোচ। জানা গেছে, দলের সঙ্গে স্পেনে কন্ডিশনিং ক্যাম্পে যেতে না পারায় কোচের ম্যাচ পরিকল্পনায় মামুনুল একটু পিছিয়ে আছেন অন্যদের চেয়ে। তবে তাঁর নিজের বিশ্বাস, একটা সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে পারবেন।
মাঠের লড়াইয়ে মামুনুলের দল শুরুতেই মাতিয়ে দিয়েছে গ্যালারি ভরা দর্শককে। গতিময় ম্যাচটা তারা জিতে নিয়েছে ৩-০ গোলে। তিনটি গোলই তিন বিদেশির। প্রথম গোল ইথিওপিয়ার ফরোয়ার্ড ফিকরুর। দ্বিতীয়টি রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় বোর্হা ফার্নান্দেজের। তৃতীয় গোলদাতা আরনাল।
আট দলে মোট বিদেশি ৫৬ জন, ভারতীয় খেলোয়াড় ১১২। ম্যাচে খেলানো যাবে সর্বোচ্চ ৬ জন বিদেশি, ৫ জন ভারতীয়। ৬১ ম্যাচের এই আয়োজনের ফাইনাল ২০ ডিসেম্বর। চ্যাম্পিয়ন দল পাবে ৮ কোটি রুপি। সব মিলিয়ে এ এক মহাযজ্ঞ!