কলম্বিয়া তৃতীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচটা আদতে নিয়মরক্ষার। কাল কোপার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১-০ ব্যবধানে হারিয়ে কলম্বিয়া পেয়েছে সান্ত্বনার জয়। তবে ম্যাচের পুরো ছবিটা ঠিক স্কোরলাইন দেখে বোঝা যাচ্ছে না। আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট ছিল ম্যাচ।
কলম্বিয়া গোল পেয়ে যায় ৩১ মিনিটেই। হামেস রদ্রিগেজের দুর্দান্ত এক চিপ থেকে সান্তিয়াগো আরিয়াসের হেড খুঁজে নেয় কার্লোস বাক্কাকে। কাছ থেকে বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি এসি মিলানের স্ট্রাইকার। বাকি সময় যুক্তরাষ্ট্র সমতা ফেরানোর চেষ্টা করেছে অনেক। কিন্তু কলম্বিয়া গোলরক্ষক ডেভিড অসপিনার দারুণ কিছু সেভে গোল আর পাওয়া হয়নি স্বাগতিকদের। এএফপি।