কলম্বিয়ার জয়ে অস্বস্তি শুধু হামেস রদ্রিগেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলম্বিয়ার জয়ে একমাত্র অস্বস্তি হামেসের চোট। ছবি: এএফপি।
কলম্বিয়ার জয়ে একমাত্র অস্বস্তি হামেসের চোট। ছবি: এএফপি।

এই প্রথম দক্ষিণ আমেরিকার বাইরে হচ্ছে কোপা আমেরিকার আয়োজন। উপলক্ষটাও বিশেষ, বিশ্বের সবচেয়ে প্রাচীন আন্তর্জাতিক টুর্নামেন্টটির শতবর্ষপূর্তি। স্বাগতিক যুক্তরাষ্ট্রের দর্শকদের রোমাঞ্চটা না ছুঁয়ে পারেই না। প্রমাণও ছিল ক্যালিফোর্নিয়ার লেভাইস স্টেডিয়ামে, উপস্থিত হয়েছিলেন প্রায় ৬৮ হাজার দর্শক! কিন্তু স্বাগতিক দর্শকদের হতাশ করে দিয়ে উপলক্ষটাকে রাঙিয়ে নিল কলম্বিয়া। ২-০ গোলের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছেন হামেস রদ্রিগেজরা।

ম্যাচটাকে অল্প কথায় বলা যায়, ‘খেলল কলম্বিয়া, জিতলও কলম্বিয়া!’ ম্যাচের শুরু থেকেই ইয়ুর্গেন ক্লিন্সম্যানের দলকে চেপে ধরেছিল। একের পর এক আক্রমণের ফল আসতে সময় লাগল মাত্র ৮ মিনিট। এডউইন কারদোনার কর্নার থেকে দুর্দান্ত ভলি করে বল জালে জড়িয়ে দেন ডিফেন্ডার ক্রিস্টিয়ান জাপাতা। জাতীয় দলের হয়ে এসি মিলান ডিফেন্ডারের এটি প্রথম গোল। একটা ছোট্ট গর্বও আছে, এই শতাব্দীর (১৯৯৯ সালের পর) কোপা আমেরিকার দ্রুততম প্রথম গোল এটি!
গোল খেয়ে কিছুটা গুছিয়ে ওঠার চেষ্টা করছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ঠিক কলম্বিয়াকে ভয় ধরানোর মতো কিছু ছিল না ডেম্পসি-ব্র্যাডলিদের খেলায়। খেসারতও দিতে হলো। কলম্বিয়ার যে একজন হামেস রদ্রিগেজ আছেন। রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুমের বেশির ভাগ সময়টা বেঞ্চে কেটেছে। ক্লাব মৌসুমের ব্যর্থতা পেছনে ফেলতে চাইছেন এই কোপায়। প্রথম সুযোগও পেয়ে গেলেন ৪২ মিনিটে। যুক্তরাষ্ট্র ডিফেন্ডার ডিআন্দ্রে ইয়েডলিন ডিবক্সে হ্যান্ডবল করায় পেনাল্টি পায় কলম্বিয়া, গোলকিপারের উল্টো দিকে বল জালে জড়িয়ে দেন হামেস।
দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা রং ফিরেছিল যুক্তরাষ্ট্রের খেলায়। তবে তাদের পুরো ম্যাচের হাইলাইট বলতে ৬৩ মিনিটে ক্লিন্ট ডেম্পসির শট পোস্ট ঘেঁষে চলে যাওয়া। ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল কলম্বিয়াও। স্ট্রাইকার কার্লোস বাক্কার শট গিয়ে লেগেছিল পোস্টে।
টুর্নামেন্ট শুরুর ম্যাচে স্বস্তির জয়—তবু ম্যাচ শেষে কলম্বিয়া কোচ হোসে পেকারম্যানের কপালের ছিল দুশ্চিন্তার ছাপ। ৬০ মিনিটের সময় যে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন হামেস রদ্রিগেজ। দলের বড় ভরসাটিকে নিশ্চিত পরের ম্যাচের আগেই সুস্থ দেখতে চাইবেন পেকারম্যান। সূত্র: দ্য গার্ডিয়ান।