নিজের পায়েই কলম্বিয়ার কুড়াল

প্রথম দুই ম্যাচ জয়েই নিশ্চিত হয়ে গিয়েছিল কোয়ার্টার ফাইনাল। কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা নিশ্চিত হয়নি। কলম্বিয়া কোচ হোসে পেকারম্যান বোধ হয় সেই হিসেবটাতেই একটু ভুল করে ফেলেছিলেন। আজ কোস্টারিকার সঙ্গে ম্যাচে বিশ্রাম দিয়েছিলেন নিয়মিত একাদশের দশজনকে! ম্যাচটা শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরেও গেছে কলম্বিয়া, গ্রুপে তাদের টপকে এখন যুক্তরাষ্ট্রই সবার ওপরে। এখন শেষ আটে মঞ্চস্থ হতে পারে গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের, সম্ভাব্য প্রতিপক্ষ দুঙ্গার ব্রাজিল।
যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়েকে হারিয়ে প্রথম দুই ম্যাচ শেষেই কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল কলম্বিয়া। কোস্টারিকার সঙ্গে আজ ড্র করলেই হতো। আজ হামেস রদ্রিগেজ, কার্লোস বাক্কা, হুয়ান কুয়াদ্রাদোদের মতো নিয়মিতদের বাদ দিয়ে একেবারেই যেন অচেনা একটা দল নামান পেকারম্যান। ২ মিনিটেই গোল খেয়ে যায় কলম্বিয়া, কোস্টারিকাকে এগিয়ে দেন জোহান ভেনেগাস। ৭ মিনিটেই কলম্বিয়ার হয়ে সমতা ফেরান ফ্রাঙ্ক ফাবরা।
৩৪ মিনিটে এই ফাবরাই আবার গোল দেন উল্টো দিকে, আবার এগিয়ে যায় কোস্টারিকা (২-১)। ৫৮ মিনিটে সেলসো বোর্হেস কোস্টারিকার হয়ে ব্যবধান আরও বাড়িয়েছেন। ৭৩ মিনিটে মারলস মরেনো গোল করলেও লাভ হয়নি, শেষ পর্যন্ত ম্যাচটা হেরে বসে কলম্বিয়া। দ্বিতীয়ার্ধে রদ্রিগেজ, কুয়াদ্রাদোদের নামিয়েও তাই লাভ হয়নি।
কলম্বিয়ার হোঁচট খাওয়ার সুযোগটা দুই হাত ভরে নিয়েছে যুক্তরাষ্ট্র। দিনের অন্য ম্যাচে প্যারাগুয়েকে তারা হারিয়েছে ১-০ গোলে। প্রথমার্ধে ম্যাচের একমাত্র গোল করেছেন ক্লিন্ট ডেম্পসি। গোল ব্যবধানে কলম্বিয়াকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হয়ে গেছে।